ভারত শিগগিরই বাংলাদেশে চাল পাঠাবে: প্রণব
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, ভারত থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে চাল সরবরাহ শুরু হবে। বাংলাদেশের সফররত একটি গণমাধ্যম প্রতিনিধিদল গত সোমবার রাতে নয়াদিল্লিতে প্রণব মুখার্জির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রণব মুখার্জি বলেন, ‘ভারত তার প্রতিশ্রুতি পূরণে আপসহীন। প্রয়োজনে সব সময় বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ঐতিহাসিক উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ইশতেহারে দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।এক প্রশ্নের জবাবে কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা বলেন, কখনো কখনো নানা কারণে প্রক্রিয়ায় বিলম্ব ঘটে, তবে তা দ্রুত নিরসন করতে হবে।চুক্তি বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হলে ভারতের অর্থমন্ত্রী বলেন, ঢাকার সঙ্গে পরামর্শ করে সময়সীমা ঠিক করা হবে। পরে প্রতিনিধিদল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গেও বৈঠক করে। এস এম কৃষ্ণা বলেন, ভারত বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক। ভারতের রাজনৈতিক সদিচ্ছা সম্পূর্ণভাবেই বাংলাদেশের পক্ষে।প্রতিনিধিদল ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাওয়ের সঙ্গেও তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।ভারত সফররত এই প্রতিনিধিদলে রয়েছেন সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম, সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবীর, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, এটিএন নিউজের সিইও ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।