ভারত-শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ
ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’ আজ রোববার দুপুরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। শুভেচ্ছা সফরটি মূলত নৌবাহিনীর নতুন কর্মকর্তা ও ক্যাডেটদের প্রশিক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হবে বলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করার সময় সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে দলটিকে বিদায় জানায়। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সফরে অংশ নেওয়া নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ দুটি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ভারতের ‘পোর্ট ব্লেয়ার’ বন্দরে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে। এ সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে মোট ৫১১ জন সদস্য অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে ২৪ জন মহিলা কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন।
সফরকারী নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’-এর অধিনায়ক হিসেবে রয়েছেন ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী। ‘সমুদ্র জয়’ জাহাজের অধিনায়ক হিসেবে রয়েছেন ক্যাপ্টেন এম হুমায়ুন কবির। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
নৌবাহিনী জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানের উন্নয়ন ঘটবে। বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে। তা ছাড়া এ সফরের ফলে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে নৌ নিরাপত্তাবিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে নৌবাহিনী।