ভারত সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিন দিনের সরকারি সফরে আজ শনিবার সকালে ভারতে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে করে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
সফরকালে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষাসচিব ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।
সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা ও ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন।
এ ছাড়া সফরকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সফর শেষে ৮ সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান দেশে ফিরবেন। বিজ্ঞপ্তি