বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত সব সময়ই বাংলাদেশের পক্ষে আছে। এ দেশের অর্থনীতি, পানি, রেলওয়ে, সড়কসহ সব ক্ষেত্রে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর।
গতকাল শুক্রবার কুমিল্লায় ঠাকুর-পাড়া রামকৃষ্ণ আশ্রম অনাথ নিবাসের নবনির্মিত ডাইনিং হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এসব কথা বলেন। ভারতের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা ওই ভবন নির্মাণ করা হয়েছে।
হাইকমিশনার বলেন, রামকৃষ্ণ মিশন সামাজিক সেবা দিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা প্রদান অব্যাহত থাকবে।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজের সভাপতিত্বেওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, চট্টগ্রামে কর্মরত সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার প্রমুখ।
পরে ভারতীয় হাইকমিশনার কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মন্দির পরিদর্শন করেন।