ভারত সরকার আন্তরিক ঐকমত্যের চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে ভারতে জাতীয় ঐকমত্য তৈরির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেহেতু এটি একটি আন্তর্জাতিক নদী তাই এটির পানির সমবণ্টনে পারস্পরিক চুক্তির প্রয়োজন রয়েছে।
ঢাকায় গতকাল মঙ্গলবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) মধ্যাহ্ন ভোজসভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, এই চুক্তির ব্যাপারে ভারতীয় সরকার খুবই আন্তরিক। তবে এসব চুক্তির সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সাংবিধানিক বিষয় জড়িত। তাই ভারত সরকার এ ক্ষেত্রে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি সম্পন্ন না হওয়া দুই দেশের আস্থার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন পঙ্কজ সরন।
রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে ফরেন চেম্বারের এই সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার। ফরেন চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির নির্বাহী পরিচালক এম এ মতিন। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক।
পঙ্কজ সরন বলেন, এক দশকে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ২০০১ সালে বাংলাদেশ ভারতের বাজারে মাত্র পাঁচ কোটি ডলারের পণ্য রপ্তানি করত। এক দশকের ব্যবধানে তা দশ গুণ বেড়ে সদ্য সমাপ্ত অর্থবছর শেষে ৫৬ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
পঙ্কজ সরন আরও বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের বাজারে বাংলাদেশি সব ধরনের পণ্যের (মাদক ও তামাক জাতীয় ২৫টি পণ্য বাদে) কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সুবিধাও রয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নীতি ও ধারণার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু নানা ক্ষেত্রে নীতি বাস্তবায়নের বেলায় কিছু সমস্যা রয়ে গেছে। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের জন্য ভারতীয় বহু ব্যবহার্য (মাল্টিপল) ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে।
সভায় ফরেন চেম্বার সভাপতি তিস্তা ও সীমান্ত চুক্তি যত দ্রুত সম্ভব সম্পাদনের জন্য ভারতীয় হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।