ভারত সীমান্তে ৩৯৬ ফেনসিডিল কারখানা
যশোর থেকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ৩৯৬টি ফেনসিডিলের কারখানা রয়েছে।
গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বলেন, সরকার সেনা, বিমান ও নৌবাহিনীর আধুনিকায়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ তাদের কখনো যুদ্ধ করতে হয় না। সরকারের উচিত, আধুনিক বিজিবি গড়ে তোলা। দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. আাানোয়ারুল ইসলাম বলেন. মাঝেমধ্যে চোরাচালানিদের বলতে শোনা যায়, লাইন খারাপ। মাল আনা যাচ্ছে না। কয়টা দিন যাক। এ থেকে বোঝা যায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চেলাচালানের সঙ্গে জড়িত।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ ও যুব সম্প্রদায় ফেনসিডিলসহ মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। যশোর থেকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ৩৯৬টি ফেনসিডিলের কারখানা রয়েছে। পুলিশের কাছে এমন তথ্য আছে বলে তিনি জানান।
সদর উপজেলার সীমান্তবর্তী কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার বলেন, তাঁর ইউনিয়নের পুরো দক্ষিণ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া আছে। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশিরা শূন্য রেখা অতিক্রম করে।
গোলটেবিলে ২ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার রাকিবুল হাসান বলেন, বিএসএফের সদস্যরা তিন কারণে বাংলাদেশিদের ওপর গুলি চালান। প্রথমত, বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসে, যা অনেক বিএসএফ সদস্য সহ্য করতে পারেন না। দ্বিতীয়ত, কাঁটাতারের বেড়া কেটে ফেলা। তৃতীয়ত, বিএসএফের সদস্যদের সঙ্গে চোরাচালানিদের দুর্ব্যবহার।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বৈঠকে সীমান্তবর্তী ইউপি চেয়ারম্যান, মহিলা কমিশনার, চিকিৎসক, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন।