ভারত ৬০ হাজার ভিসা দেওয়ায় ক্ষোভ দোকান মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রেতারা বিদেশে গিয়ে কেনাকাটা করায় দেশের দোকান মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি আমাদের ব্যবসা দিন, আমরা কর দেব। আমাদের দুধমাখা ভাত যেন কাকে না খায়।’

মূল্য সংযোজন কর (মূসক) সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার বসুন্ধরা সিটিতে এক মতবিনিময় সভা হয়।

সেখানে দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান অভিযোগ করেন, ভারত গত ঈদুল ফিতরের আগে বাংলাদেশের প্রায় ৬০ হাজার নাগরিককে ভিসা দিয়েছে। এতে তাঁরা ভারতে গিয়ে কেনাকাটা করেছেন। এ ছাড়া অনেকে বিদেশে গিয়ে ব্যাগভর্তি কেনাকাটা করে দেশে ফেরেন। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে প্রায় ১ হাজার ৩৫৫টি দোকান চালু আছে। এসব দোকানের অনেকগুলোতে দু-তিন দিনেও কোনো বউনি হয় না। তিনি এসব দোকানের দিকে এনবিআরের সুনজর কামনা করেন।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান দোকান মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা মূসকের হিসাব রাখবেন, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহার করবেন। সঠিকভাবে মূসক দিয়ে দেশের উন্নয়নের অংশীদার হবেন।’

অনুষ্ঠানে এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান, সুলতান মো. ইকবাল, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপদেষ্টা টি আই এম লতিফুল হোসেন, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে এনবিআর চেয়ারম্যান বসুন্ধরা সিটির কয়েকটি দোকানে মূসক আদায়ের অবস্থা ঘুরে দেখেন।