ভারতকে অর্থনৈতিক জোনের জায়গা দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিসির বৈঠকে ভারতের শিল্পপতিদের দেওয়া বিশেষ অর্থনৈতিক জোন তৈরির প্রস্তাবে সাড়া দেয় বাংলাদেশ: ভারেতর পররাষ্ট্র মন্ত্রণালয়েয়র ওয়েবসাইট থেকে ছবিটি নেওয়া
জেসিসির বৈঠকে ভারতের শিল্পপতিদের দেওয়া বিশেষ অর্থনৈতিক জোন তৈরির প্রস্তাবে সাড়া দেয় বাংলাদেশ: ভারেতর পররাষ্ট্র মন্ত্রণালয়েয়র ওয়েবসাইট থেকে ছবিটি নেওয়া

ভারতীয় শিল্পপতিদের জন্য বিশেষ অর্থনৈতিক জোন তৈরির জায়গা দিতে রাজি হয়েছে বাংলাদেশ। এই স্থান তৈরির জন্য বাংলাদেশ ১৬টি জায়গা নির্বাচন করেছে। সেখান থেকে ভারতকে একটি জায়গা বেছে নেওয়ার কথা বলা হয়েছে। 

আজ শনিবার এখানে তৃতীয় যুগ্ম পরামর্শদাতা কমিশনের (জেসিসি) বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
এ ছাড়া এই বৈঠকে তিস্তার পানি ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতিতে ভরসা রাখার পাশাপাশি দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্পে পা বাড়াল। আজ জেসিসি বৈঠক শেষে যে যৌথ বিবৃতি গৃহীত হয়েছে, তাতে সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার পরিধি ব্যাপক বিস্তৃত হয়েছে। বাংলাদেশকে ভারত ইতিমধ্যেই যে যে বিষয়ে সহযোগিতা করছে তার বাইরে পরমাণু শক্তি ও মহাকাশ গবেষণাকেও যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠক শেষে বলেছেন, ‘দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা আহ্লাদিত। সম্পর্কের এই আঙিনা অতীত থেকে একেবারেই আলাদা।’

জেসিসির বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের খুটিনাটি নিয়ে আলোচনাই শুধু হয় না, নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ককে ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তারই উল্লেখ করে বলেন, এই বৈঠকে প্রধানত তিনটি ক্ষেত্র আলোচিত হয়। বাণিজ্যিক, সংযুক্তি এবং উন্নয়নের অংশীদারত্ব। এই তিনটি ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যও এই বৈঠকে মোটামুটিভাবে স্থির হয়েছে।

অর্থনৈতিক অঞ্চল দেওয়ার সিদ্ধান্ত
দু দেশের বাণিজ্যিক সম্পর্ক খুব বেশিভাবে ভারতের অনুকূলে। বার্ষিক ৬ বিলিয়ন ডলারের এই পরিমাণ আগামী দিনে আরও বাড়ানো এবং বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে সে দেশে ভারতকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য ১৬টি অঞ্চল বাছাই করা হয়েছে, যার মধ্য থেকে ভারত পছন্দ করতে পারে। মাহমুদ আলী বলেন, ‘এই অঞ্চলে ভারতীয় শিল্পপতিরা গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে পারেন। অর্থনৈতিক অগ্রগতির জন্য সমুদ্র উপকূলবর্তী পথ ব্যবহার করা হবে। লক্ষ্য হলো চেন্নাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম হয়ে এই সমুদ্র উপকূল পথকে সিঙ্গাপুর পর্যন্ত বিস্তার ঘটানো।’ বাংলাদেশি পণ্যের অশুল্ক বাধা কাটানোর যে প্রস্তাব বাংলাদেশ রেখেছে, তারও দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।

যোগাযোগ সম্প্রসারণ: সংযোগ বাড়ানো একটা বড় দিক। মৈত্রী এক্সপ্রেসে বাড়তি কোচ দেওয়া হবে ২৩ সেপ্টেম্বর থেকে। সপ্তাহে দুদিনের বদলে তিনদিন চালানো হবে। গুয়াহাটি-শিলং-ঢাকা বাস সার্ভিসের তোড়জোর চলছে। এ বছরেই পরীক্ষামূলকভাবে তা চালানো হবে। সমুদ্র উপকূল বরাবর সংযুক্তির চুক্তি দ্রুত হওয়ার সম্ভাবনা।

অর্থনৈতিক সহায়তা: বাংলাদেশের উন্নয়নে ভারতের দিক থেকে আরও আর্থিক সহায়তার আশ্বাস মিলেছে। ২ বিলিয়ন ডলারের যে সাহায্য দেওয়া হয়েছিল, তার বাইরে আরও সহায়তা বাংলাদেশ চেয়েছে। ভারতও তা দিতে প্রস্তুত। তবে এর পরিমাণ কত হবে, তা জানাতে অস্বীকার করলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, এই সহায়তা প্রধানত অবকাঠামো নির্মাণে প্রয়োজন।
বিদ্যুৎ সহায়তা: বাংলাদেশ এখন ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে পাচ্ছে। আরও ৫০০ মেগাওয়াট এখনই প্রয়োজন। মাহমুদ আলী বলেন, ‘পালাটানা থেকে বাড়তি বিদ্যুৎ শিগগিরই পাওয়া যাবে। ২০১৮ সালের মধ্যে আমরা সব গ্রামে বিদ্যুৎ দিতে পারব। ভারতের সঙ্গে বিদ্যুৎ ক্ষেত্রে যৌথ উদ্যোগে বাংলাদেশ আগ্রহী।’
প্রযুক্তি সহায়তা: সহযোগিতার নতুন ক্ষেত্র হলো মহাকাশ গবেষণা ও পরমাণু শক্তি। বাংলাদেশকে ভারত এই ক্ষেত্রগুলিতে প্রশিক্ষণ দেবে। ২০১৭ সালে বাংলাদেশ ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশযান উৎক্ষেপণে আগ্রহী। বাংলাদেশের এই প্রথম মহাকাশযান উৎক্ষেপণ ভারত থেকেই হবে।

নিরাপত্তা সহযোগিতা: নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলির শাসকেরা অক্টোবর মাসে নিজেদের মধ্যে বৈঠক করবেন। তার পরে সব সীমান্তবর্তী জেলা শাসকদের বৈঠক হবে দিল্লিতে। লক্ষ্য, সীমান্ত জেলাগুলিকে শান্ত ও ঝঞ্ঝাটমুক্ত রাখা।

তিস্তা-সীমান্ত চুক্তিতে ভারতের ওপর ভরসায় বাংলাদেশ

তিস্তা ও সীমান্ত চুক্তি এখনো না হওয়াই হতাশার কারণ বলে বাংলাদেশ মনে করে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সমস্যা আমরা জানি ও বুঝি। কিন্তু ভারতের ওপর আমরা এই দুই বিষয়ে ভরসাও রেখেছি।’ তিনি জানান, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেসের সাবেক মন্ত্রী গুলাম নবী আজাদের সঙ্গে শনিবার তাঁর কথা হয়েছে। তাঁর বিশ্বাস, সব দলই এই দুই বিষয়ে সহমত হবে। মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিষয়টি ব্যাখাও করেছেন। সীমান্ত বিল সংসদের স্থায়ী কমিটির বিবেচনাধীন। আগামী মাসে সেই কমিটির বৈঠক রয়েছে। তিস্তা প্রসঙ্গে বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্যের প্রচেষ্টা জারি আছে। ভারতের প্রতিশ্রুতির ওপর বাংলাদেশ ভরসা রাখতে চায়। প্রতিনিধিদলের একজনের কথায়, ‘আমরা তাড়াহুড়ো করার পক্ষপাতী নই। এই সরকারকে প্রয়োজনীয় সময় আমরা দিতে চাই। ভারতের এই নতুন সরকারের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে।’ দু দেশের যুগ্ম নদী কমিশনের পরবর্তী বৈঠক ঢাকায় হবে। তবে দিনক্ষণ ঠিক হয়নি।

বাংলাদেশবিরোধী কাজকে প্রশ্রয় দেবে না ভারত

সারদা চিট ফান্ড এবং তৃণমূল কংগ্রেসের এক সাংসদের বাংলাদেশবিরোধী কাজকর্মের অভিযোগের বিষয়টি নিয়ে ভারতীয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের বিস্তারিত কথা হলেও কোনো দেশই এই বিষয়ে তেমন কিছু বলতে নারাজ। আকবরউদ্দিন বলেছেন, ‘কূটনৈতিক আলোচনায় প্রসঙ্গটি ওঠেনি।’ ভারতীয় সূত্রের অবশ্য খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মাহমুদ আলীর এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। কিন্তু দুই দেশই ঠিক করেছে এ নিয়ে প্রকাশ্যে কিছু না বলার। মাহমুদ আলীকে শনিবার এ নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি এটা ভারতের নিজস্ব ব্যাপার। তবে ভারত আমাদের আবারও আশ্বস্ত করেছে যে, তাদের দেশ থেকে তারা বাংলাদেশবিরোধী কোনো কাজকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশের ক্ষতি হোক, এমন কিছু ভারত বরদাস্ত করবে না।’

তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে যেমন কোনো সময়সীমা নেই, তেমনই অনুপ চেটিয়া ও নূর হোসেনের প্রত্যাবর্তনের বিষয়েও কোনো সময়সীমা ধার্য হয়নি। মাহমুদ আলীর কথা, ‘হয়ে যাবে। হয়তো শিগগিরই। তবে কবে তা বলা সম্ভব নয়।’