ভারতকে আরও উদার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. তৌহিদ হোসেন

একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। নিকট প্রতিবেশীর উদাত্ত এই সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। স্বাধীনতার পরও প্রতিবেশী ভারতের সাহায্য-সহযোগিতায় বাংলাদেশ উপকৃত হয়েছে। আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। প্রতিবেশী ভারতের যেহেতু সামর্থ্য রয়েছে, তাই আমাদের প্রত্যাশাও অতীতের মতো ভারত উদারতা দেখাবে। আশা করি তিস্তা চুক্তি সই, ঋণ চুক্তির দ্রুত বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের সমাধানে সহযোগিতা এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে।

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল আলোচনায় করোনা মহামারি মোকাবিলায় এ সহযোগিতার প্রসঙ্গটি এসেছে। এ ব্যাপারে ভারত সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভারতের এই অবস্থান অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কারণ, ভারত এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। কাজেই ভারত আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা যথেষ্ট উপকৃত হব, তা নিঃসন্দেহে বলা যায়। কারণ, টিকা উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সহযোগিতা অনেক বিস্তৃত। কাজেই এখানে ভারতের সঙ্গে সহযোগিতা ফলপ্রসূ হবে।

এবারের আলোচনায় তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতি হবে না, সেটা বোঝা যাচ্ছিল। তিস্তা চুক্তির বিষয়টি এখন ভারতের ওপর আমাদের নির্ভর করে থাকা ছাড়া কোনো বিকল্প নেই। আগামী বছরের মার্চে নরেন্দ্র মোদি ঢাকায় এলে চুক্তিটি হবে, এমনটা আশা করি না। সে ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নদীর চুক্তি এগিয়ে নিতে কোনো ক্ষতি দেখি না।

এক দশক আগে শুরু হওয়া ঋণ চুক্তির বাস্তবায়ন যে হতাশাব্যঞ্জক, তা ভারতের স্বীকার করে নেওয়াই ভালো। সমস্যা স্বীকার করে নিলে তার সমাধান সহজ হয়। ঋণ চুক্তির নীতিমালায় যে সমস্যা রয়েছে, তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাস, রেলের ইঞ্জিন—এসব ক্ষেত্রে ভারত থেকে ৮৫ শতাংশ কেনাকাটা মেনে নেওয়া যায়। ইট, বালু, সিমেন্ট—এগুলো ভারত থেকে কেনাকাটার যুক্তিটা কোথায়? এমন ঘটলে তা বাংলাদেশের শিল্পের জন্য ক্ষতিকর। কাজেই বিদ্যমান সমস্যাগুলো দুই প্রতিবেশী দেশ আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খুঁজে নিতে পারে।

রোহিঙ্গা সমস্যাকে যে ভারত সামাজিক সমস্যা হিসেবে দেখছে, এই অবস্থান ভুল। কারণ, সমস্যাটি অনিবার্যভাবেই রাজনৈতিক সংকট। মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের উৎখাতের জন্য ২০১৭ সালের অপকর্মগুলো করেছে। কাজেই ভারত যদি মনে করে রাখাইনে উন্নতি হলে সমস্যার সমাধানের পথ খুলে যাবে, সেটা ভুল ধারণা। কারণ, রাখাইনে উন্নতি হলে সেখানকার বৌদ্ধ জনগোষ্ঠী সেই উন্নয়নের ভাগ রোহিঙ্গাদের দিতে চাইবে না। ফলে তারাই তখন রোহিঙ্গাদের ফেরার পথে বাধা হয়ে দাঁড়াবে।

দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে সীমান্তে বাংলাদেশি হত্যা। সব দেশেই কিন্তু অপরাধীরা যাতায়াত করে। সে জন্য তাদের হত্যা করা হয় না। আর বাংলাদেশ থেকে অপরাধীরা যদি ভারতের সীমান্ত অতিক্রম করে, তারা তো সেখানে গিয়ে আন্দোলন করছে না। চোরাকারবারিদের ধরে শাস্তি দেওয়ার সুযোগ আছে। গুলি করে হত্যা গ্রহণযোগ্য হতে পারে না। এতে কোনো উপকার হচ্ছে বলে মনে করি না। ভারত ব্যাখ্যা দিয়ে থাকে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশ আছে। অনেক বছর ধরেই একই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ওপরের দিক থেকে যদি কঠোর নির্দেশ এসেই থাকে, নিচের দিকে ঠিক তার উল্টো করার দুঃসাহস দেখানোর সুযোগ নেই।