ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে বাংলাদেশ ও ভুটানের বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সম্প্রসারণে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারে বাংলাদেশ ও ভুটান। এ ক্ষেত্রে ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে দুই দেশের কোনো বাধা নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে ওই মন্তব্য করেন। আঞ্চলিক যোগাযোগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জিগমে ওয়াই থিনলে বলেন, ‘সড়ক, রেল ও বিমানপথে যোগাযোগের ব্যাপারে এ অঞ্চলের দেশগুলোতে যথেষ্ট ঘাটতি রয়েছে। বুধবার আমি মংলা বন্দর ঘুরে দেখেছি। বর্তমানে বন্দরটিতে যে সুবিধা রয়েছে, তাতে আমি মুগ্ধ। চট্টগ্রাম ও মংলা বন্দরের কীভাবে সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়, এটি খতিয়ে দেখতে দেশে ফিরে আমি একটি প্রতিনিধিদল পাঠাব।’ভুটানের প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বছরে তিন কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে। দ্বিপক্ষীয় এ বাণিজ্যকে তাঁর দেশ ১০ কোটি ডলারে নিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘শুধু অর্থনৈতিক কারণেই নয়, দুই দেশের জনগণের স্বার্থে বাণিজ্যের পরিমাণ আমরা বাড়াতে চাই। এ বিষয়টি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে আলোচনা হয়েছে। ট্রানজিটের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে প্রতিবেশী অন্য দেশও লাভবান হতে পারে। এ মুহূর্তে ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে বাংলাদেশ ও ভুটানের কোনো বাধা আছে বলে আমি মনে করি না।’ বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে থিনলে বলেন, ‘এ দেশের ক্রমবর্ধমান সংকটের বিষয়টি বিবেচনায় রেখে আমরা বাংলাদেশকে বিদ্যুৎ দিতে চাই। বিষয়টি দুভাবে হতে পারে। প্রথমত, ভুটানের বিদ্যুৎ খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ অংশীদারির ভিত্তিতে বিদ্যুৎ পেতে পারে। আবার ভুটান থেকে সরাসরি বিদ্যুৎ কিনতে পারে বাংলাদেশ।’ থিনলে বলেন, ‘বাংলাদেশের জ্বালানি-নিরাপত্তার বিষয়ে ভুটান ও ভারতকে নিয়ে তিন দেশের আলোচনায় বসা উচিত। এ ব্যাপারে যত শিগগির সম্ভব আমরা বাংলাদেশকে সহায়তা দিতে রাজি আছি।’ সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পাদিত স্বাস্থ্য খাতের সহযোগিতাবিষয়ক চুক্তি প্রসঙ্গে জিগমে ওয়াই থিনলে জানান, তাঁর দেশের চিকিৎসকের সংকট মেটাতে চুক্তিটি সহায়তা করবে। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সরকারিভাবে যেসব চিকিৎসক পাঁচ বছর কাজ করছেন, তাঁদের প্রতি আমার অনুরোধ, অন্তত দুই বছরের জন্য ভুটানে আসুন। আপনাদের সহযোগিতায় ভুটানের স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটবে।’