আন্তর্জাতিক নদীর পানির ব্যবহার নিয়ে গোলটেবিল আলোচনায় আকবর আলি খান
ভারতকে দাবি মানতে বাধ্য করতে হবে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ভারত থেকে আসা ৫৪টি নদীর সব কটিই আগ্রাসনের শিকার। এ সমস্যা সমাধানে শুধু আলোচনাই যথেষ্ট নয়, ভারতকে দাবি মানতে বাধ্য করতে হবে। সেটা দুই দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হতে পারে, কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে।
গতকাল রোববার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আকবর আলি খান। মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে ‘আন্তর্জাতিক নদীর পানির ব্যবহার ও বণ্টন: প্রেক্ষিত বাংলাদেশ-ভারত’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘শত নাগরিক’।
এতে সভাপতিত্ব করেন শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
আকবর আলি বলেন, ‘দুঃখের বিষয়, অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতৈক্য নেই। এমনকি তারা এটি নিয়ে কোনো আলোচনাও করে না। অনেকে আবার উদাসীন।’ বাংলাদেশকে বাঁচাতে হলে নদীগুলো বাঁচাতে হবে উল্লেখ করে এই সাবেক সচিব বলেন, এ জন্য ভারতকে আগে বোঝাতে হবে। তারা শুনতে না চাইলে তাদের বাধ্য করতে হবে।
সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, দেশে নদীর পানির প্রবাহ কমছে। কিন্তু ভারত আন্তর্জাতিক আইন মানছে না।
এমাজউদ্দীন আহমদ বলেন, নদীর পানির সমস্যা শুধু ভারত ও বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক সমস্যা। এ কারণে আঞ্চলিকভাবে এর সমাধান করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক ফোরাম সার্কের মাধ্যমে এটি করা সম্ভব বলে মত দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, ‘ভারত নদীতে বাঁধ দেওয়ার কারণে আমাদের পরিবেশ বিপর্যয় ঘটেছে। কিন্তু আমরা বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারছি না।’ এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল মওলানা ভাসানীর লংমার্চের কথা স্মরণ করে বলেন, তিনি দেখিয়ে দিয়েছেন একটি ছোট দেশের মানুষ হয়েও কীভাবে দাবি আদায়ে সাহসের সঙ্গে আন্দোলন করতে হয়। প্রকৃত নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত না হলে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
পরিবেশ ও পানি বিশেষজ্ঞ এস আই খান একটি এবং সাবেক সচিব আ ন হ আখতার হোসেন ও পানি বিশেষজ্ঞ সাব্বির মোস্তফা খান যৌথভাবে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
শত নাগরিকের সদস্যসচিব আবদুল হাই শিকদারের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অারও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, সাবেক রাষ্ট্রদূত মাসুদ আজিজ, পানি বিশেষজ্ঞ তৌহিদুল আনোয়ার খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মোহাম্মদ প্রমুখ৷