ভারতকে দেওয়া ৪১ সন্ত্রাসী তালিকার এনামুলের আত্মসমর্পণ
মেহেরপুরের অন্যতম সন্ত্রাসী এনামুল হক ওরফে এনা গতকাল শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভারতের কাছে সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ৪১ সন্ত্রাসীর তালিকা দিয়ে তাঁদের ধরিয়ে দিতে বলা হয়েছিল সেই তালিকায় এনামুলের নামও আছে।
অস্ত্র আইন ও অপহরণের দুটি মামলায় সাজপ্রাপ্ত আসামি এনামুল মেহেরপুরের আরেক সন্ত্রাসী মিনহাজ উদ্দীন ওরফে দুখুর অন্যতম সহযোগী ছিলেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) দেওয়া ৪১ জনের ওই তালিকায় দুখুর নামও আছে। এনামুলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে।
এনামুল অস্ত্র আইনের একটি মামলায় ১৪ বছর এবং একটি অপহরণ মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা আছে।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, চরমপন্থী এনামুলকে নিয়ে গতকাল সকালে তাঁর কার্যালয়ে আসেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল। এরপর এনামুল আত্মসমর্পণ করেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে রিমান্ডে নিয়ে পুলিশ এনামুলের অন্য সদস্যদের অবস্থান এবং কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা গোলাম রসুল প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী এনামুল ও দুখু চরমপন্থী একই বাহিনীর সদস্য ছিলেন। সম্প্রতি আধিপত্য ও কর্তৃত্ব নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই অবস্থায় বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা ও পুলিশের তৎপরতার মুখে বাহিনীতে অস্থিরতা দেখা দিলে এনামুল আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
গোলাম রসুল আরও বলেন, গত দুই দিন আগে উপজেলার শ্যামপুর গ্রামের এক ব্যক্তি তাঁর (গোলাম) কাছে এসে এনামুলের আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানান। তখন তিনি বিষয়টি পুলিশ সুপারকে জানান। এরপর এনামুল ভারত থেকে গোপনে মেহেরপুরে ঢুকে তাঁর কাছে আসেন। গতকাল তাঁকে সঙ্গে করে নিয়ে পুলিশ সুপারের কাছে যান গোলাম রসুল।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুখুসহ বাহিনীর কয়েকজন সদস্য বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছেন। নদীয়ার করিমপুর থানার বক্সীপুর গ্রামে দুখুর ভায়রার বাড়ি। নদীয়ার মুরুটিয়া থানার ধাড়া গ্রামের আয়ুব আলী দুখুর শ্বশুর। করিমপুর থানার টেপিদাহ, ভোগাইপুর, বাঁশবাড়িয়া, পিপুলবাড়িয়া, ব্রজনাথপুর, শিশিরপুর ও মুর্শিদাবাদের টোপলার বিভিন্ন স্থানে আছেন দুখুর বহিনীর সদস্যরা। দুখু ভারতের নাগরিকত্ব পেয়েছেন নয় বছর আগে। ভোটার তালিকায় নাম ও রেশন কার্ড আছে তাঁর। মূলত অপহরণ করে মুক্তিপণ আদায় করা তাঁদের মূল কাজ। তাঁরা মুঠোফোনে বাংলাদেশে অবস্থানরত সোর্স ও দলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তাঁদের ধরতে এবং তাঁদের অবস্থান জানতে স্থানীয় পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকবার ভারতে সোর্স পাঠিয়েছে। চার বছর আগে দুখু ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন। কিন্তু কিছুদিন কারাভোগের পর মুক্তি পেয়ে এখন ভারতেই বসবাস করছেন।