ভারতকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখা ভারতের জন্য অপরিহার্য। অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পক্ষ না নিয়ে ভারতকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে৷ ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরামর্শক পরিষদের সাবেক সদস্য আন্তর্জাতিক বিশ্লেষক সি রাজা মোহন এই অভিমত দিয়েছেন৷
রাজা মোহন গতকাল বুধবার রাজধানীতে এক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের এ বিশ্লেষক৷ বক্তৃতার শিরোনাম ছিল ‘ভারতের রাজনৈতিক ক্রান্তিকাল: দক্ষিণ এশিয়া ও তার বাইরে এর তাৎপর্য’৷
আলোচনার সূত্রপাত করেন বিআইিপএসএসের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান। এরপর সি রাজা মোহন বক্তৃতা করেন। পরে মুক্ত আলোচনায় আমন্ত্রিতদের মন্তব্য এবং প্রশ্নের উত্তরে নিজের মতামত তুলে ধরেন তিনি৷
মুক্ত আলোচনায় বাংলাদেশের গত ৫ জানুয়ারির নির্বাচনে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সদ্য সাবেক ইউপিএ সরকারের সমর্থনের সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দল নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিই ভারতের শ্রদ্ধা দেখানো উচিত। অপ্রতিনিধিত্বমূলক নির্বাচনকে সমর্থন দেওয়ার মানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সাড়া না দেওয়া।
সাবেক পররাষ্ট্রসচিব ও বিএনপি নেতার এ বক্তব্যকে সমর্থন করেন ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর আন্তর্জাতিক বিষয়ক কলাম লেখক রাজা মোহন। তিনি বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধানে মনমোহন সিং সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তাঁর মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করেও তা বাস্তবায়ন করতে পারেনি ইউপিএ সরকার। বাংলাদেশের সঙ্গে চুক্তিগুলো ভারতের জন্য কতটা সুফল বয়ে আনবে, সেটি মনমোহন সিং তাঁর দেশের লোকজনকে বোঝাতে পারেননি। বর্তমান বিজেপি সরকারের ক্ষেত্রে এমনটা ঘটবে না বলে মনে করেন রাজা মোহন৷
রাজা মোহন বলেন, ‘কাউকে পছন্দ করা না-করার বিলাসিতা যুক্তরাষ্ট্র দেখাতে পারে, ভারত পারে না। বিশেষ করে আপনি যখন প্রতিবেশীর সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠার কথা ভাবছেন, তখন প্রতিবেশী দেশের সরকারে যে-ই থাকুক না কেন, তার সঙ্গে সম্পৃক্ত না হওয়ার মাঝে কোনো বিলাসিতা নেই।’
১৬ কোটি মানুষের বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ মন্তব্য করে ভারতীয় বিশ্লেষক বলেন, ‘কোনো বিষয় আপনি সমর্থন করতে পারেন, চাপিয়ে দিতে পারেন না। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে সে দেশের অভ্যন্তরীণ ঘটনায় েকানো পক্ষ-বিপক্ষ না নিয়ে অব্যাহতভাবে যোগাযোগ রাখতে হবে। ক্ষমতায় যে দলই থাকুক না কেন, প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা যে জরুরি, তা ভারতকে অবশ্যই মানতে হবে।’
বাংলাদেশ ক্রমশ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে বলে মন্তব্য করেন রাজা মোহন৷ তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে একত্রে অনেক ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে ভারতের। বিশেষ করে মিয়ানমার, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধ হতে পারে বাংলাদেশ।
রাজা মোহন বলেন, বিগত ইউপিএ সরকার বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করলেও রাজ্য সরকারের বিরোধিতায় তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
বক্তৃতার শুরুতে তিনটি পর্বে ভাগ করে ভারতের আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করেন রাজা মোহন। এর মধ্যে ১৯৫০ থেকে ১৯৮৯ সালকে প্রথম পর্ব, ১৯৮৯ থেকে ২০১৪ সালের নির্বাচন পর্যন্ত দ্বিতীয় পর্ব এবং নির্বাচনের পর থেকে আগামী দিনের সময়কে তৃতীয় পর্ব হিসেবে চিহ্নিত করেন তিনি।