ভারতকে বাংলাওয়াশের প্রত্যাশা সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান সিরিজের তৃতীয় ম্যাচে জয়লাভ করে ভারতকে ‘বাংলাওয়াশ’ করবে বাংলাদেশ। চলতি সংসদ অধিবেশনে এমন প্রত্যাশা করেছেন জাতীয় সংসদের তিন সাংসদ।

আজ সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ প্রত্যাশার কথা জানান। এ সময় উপস্থিত সাংসদেরা টেবিল চাপড়ে তাঁদের বক্তব্যকে সমর্থন জানান।

আজ সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সাংসদেরা টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্পিকারের অভিনন্দনের পর স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম বলেন, ‘বিশ্ব আজ টের পাচ্ছে, কত ধানে কত চাল। আমাদের শনির দশা শেষ হয়েছে, বৃহস্পতিবার এখন তুঙ্গে। মায়ের কোলে শিশু হাসে, সকলে হাসে। আমাদের নেত্রী সত্যিই ভাগ্যবতী। তাঁর সময়ে আমরা ক্রিকেটে চ্যাম্পিয়ন। শেষ ম্যাচেও আমরা জয় চাই।’

ফজলে নূর তাপস বলেন, বাংলার টাইগাররা থাবা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ভারতকে ‘বাংলাওয়াশ’ করে বিজয়যাত্রা অব্যাহত রাখব।

ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, ‘আমাদের সোনার ছেলেরা বিশ্বকে জানিয়ে দিয়েছে। কাঁপিয়ে দিয়েছে। শুনিয়ে দিয়েছে বাঘের গর্জন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছিল, তার জবাব দিয়েছে টাইগাররা। ভারতকে তছনছ করে দিয়েছে আমাদের ছেলেরা।’

গতকাল ভারতকে ৬ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এ দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে স্বাগতিকেরা। আগামী ২৪ জুন সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।