পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ট্রানজিটের অংশ হিসেবেই ভারতকে বাংলাদেশের নৌবন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের সময় এই ট্রানজিট চুক্তি হবে। ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলছে।গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রানজিট বলতে শুধু সড়কপথকেই বোঝায় না। ভারতকে বাংলাদেশের নৌবন্দর ব্যবহারের অনুমতি দিলে অর্থনৈতিকভাবে আমরাই লাভবান হব।পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, ট্রানজিট নিয়ে আজ বিরোধী দল বড় বড় কথা বলছে। অথচ তাদের শাসনামলেই সন্ত্রাসীদের ট্রানজিট হিসেবে বাংলাদেশ ব্যবহূত হয়েছে। ১০ ট্রাক অস্ত্রের ট্রানজিট ছিল বাংলাদেশ। চোরাই এই ট্রানজিট ধরা পড়েছিল। এর বাইরে আরও কত কিছু হয়েছে, তার কোনো হিসাব নেই।অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশে আদিবাসী বলে কিছু নেই। দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র জাতিসত্তার জনগণের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের নিশ্চয়তার বিধান রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক বিদেশি সংস্থা ও এনজিও কাজ করছে। এখানে আদিবাসী হিসেবে বিশেষ জনগোষ্ঠীর স্বীকৃতির সঙ্গে তাদের অনুদানের পাল্লা ভারী হওয়ার সম্পর্ক রয়েছে।ইকোনমিস্ট সাময়িকীতে বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এই প্রতিবেদন কারা করিয়েছে, তা সবাই জানে। তিনি বলেন, পশ্চিমা বিশ্বেও পেইড জার্নালিজম নামে একটি কথা চালু আছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেন, কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বসারত আলী ও সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী।দীপু মনি গত মঙ্গলবার নিউইয়র্কে এসে পৌঁছান। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধসংক্রান্ত জাতিসংঘের শুনানিতে তিনি অংশ নেবেন। সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘের সমুদ্র আইন কমিশনে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা।