ভারতকে বিভিন্ন ওয়াদা দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘ভারতকে বিভিন্ন ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে যে চুক্তি হয়েছে, তা এই সরকারকে বাস্তবায়ন করতেই হবে। এ ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’ গতকাল মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন গতকাল পৃথক কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি।গত সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের সঙ্গে করা চুক্তি বাস্তবায়ন করা হবে। এর জবাবে গতকাল খোন্দকার দেলোয়ার বলেন, জনগণ বর্তমান সরকারের চরিত্র বুঝে ফেলেছে। তারা আর বসে থাকবে না।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন: এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাত করেন।খালেদা জিয়া সেখানে স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।