ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে প্রভাব পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জঙ্গি হামলা বাংলাদেশে ভারতীয়দের ভ্রমণে প্রভাব ফেলেনি। বাংলাদেশের এক জ্যেষ্ঠ কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস এই তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমানে আগরতলার সহকারী হাইকমিশন থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে। সম্প্রতি ঢাকায় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে ভারতীয় ভ্রমণকারীদের সংখ্যা কমেনি।

গত বছর বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে ২৫ হাজারের বেশি ভারতীয়কে বাংলাদেশের ভিসা দেওয়া হয়। ভিসা পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা।

গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায়। তারা জাপানের সাতজন, ইতালির নয়জন, ভারতের একজন ও বাংলাদেশের তিন নাগরিককে নৃশংসভাবে হত্যা করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মার্কিন কূটনীতিকেরা তাঁদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে দেশে পাঠিয়ে দিয়েছেন। কানাডার কূটনীতিকেরাও তাঁদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে সরিয়ে নিয়েছেন। গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনে কর্মরত কানাডার প্রায় ৫০ জন নাগরিককে আপাতত বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে। কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে চলাফেরা ও ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে।