ভারতীয় ঋণের কিছু স্বাস্থ্য খাতে খরচ করতে চায় বাংলাদেশ
ভারতীয় ঋণের কিছু পরিমাণ অর্থ বাংলাদেশ স্বাস্থ্য খাতে খরচ করতে চায়। সে জন্য ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডাকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, বাংলাদেশে নতুন চারটি মেডিকেল কলেজ, একটি ক্যানসার ও একটি বার্ন ইনস্টিটিউট স্থাপনে ভারত সহায়তার হাত বাড়াক। দুটি অনুরোধই ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী চার দিনের সফরে ভারতে এসেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পর্কিত ‘গ্লোবাল কল টু অ্যাকশন সামিট’ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অগ্রগতির কথা বিস্তারিতভাবে জানান। পৃথিবীর মোট ২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে যোগ দিয়েছে সম্মিলিত জাতিসংঘের বিভিন্ন সংগঠন।
আজ শুক্রবার মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠক করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ সহিদুল্লা সংবাদমাধ্যমকে জানান, স্বাস্থ্যখাতে ঋণের টাকা ব্যবহার এবং মেডিকেল কলেজ স্থাপনে সহায়তার অনুরোধ ভারত ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র যাতে আরও বাড়ানো যায়, সেটাই ছিল দুই স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকের উদ্দেশ্য। মধ্যম আয়ের দেশ হয়েও বাংলাদেশ কীভাবে অপুষ্টি দূর করার মধ্য দিয়ে শিশু ও প্রসূতি নারীর মৃত্যুর হার কমিয়েছে, দরিদ্র গ্রামীণ শিশু ও মায়েদের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে, গতকাল বৃহস্পতিবারের আন্তর্জাতিক সম্মেলনে মোহাম্মদ নাসিম তা বিস্তারিত জানান। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অতিক্রমের জন্য ২০১০ সালে বাংলাদেশ পুরস্কৃতও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি অনুযায়ী আগামী দিনে এ জন্য বাংলাদেশের পরিকল্পনাও স্বাস্থ্যমন্ত্রী ওই সম্মেলনে জানিয়েছিলেন। বাংলাদেশের প্রধান লক্ষ্য গ্রামীণ শিশু ও নারীদের স্বাস্থ্য-উন্নতি ও সচেতনতা। আজকের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে ঠিক হয়েছে, দুই দেশ দুই দেশের ভালো দিকগুলো গ্রহণ করবে। কোন দেশ অন্য দেশের কোনো কোনটি নেবে তা ঠিক করার জন্য দুই দেশ একটা যুগ্ম ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। মোহাম্মদ সহিদুল্লা জানিয়েছেন, দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে এর আগে যে মেমোরান্ডাম অব আউটস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, তার দ্রুত বাস্তবায়নে দুই দেশ রাজি হয়েছে।
বাংলাদেশকে ভারত নতুন ২০০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে। ঋণের অনেক শর্ত রয়েছে। স্বাস্থ্য খাতে সেই ঋণের অর্থ ব্যবহারের শর্ত শিথিল প্রসঙ্গে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র জানান, বাংলাদেশের অনুরোধ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা চান সেই সিদ্ধান্ত সদর্থক হোক। মেডিকেল কলেজ এবং ক্যানসার ও বার্ন ইনস্টিটিউট স্থাপনে কী ধরনের সাহায্য ভারত করতে পারে তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। ভারতীয় মনোভাব এ ক্ষেত্রেও ইতিবাচক বলে ওই সূত্র জানান।