ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে আসবেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সম্প্রতি ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তথ্য বিনিময় করতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা-এনআইএর সদস্যরা শিগগিরই বাংলাদেশে আসবেন।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।
আসাদুজ্জামান খান জানান, বাংলাদেশ সফরে আসতে চাওয়ার বিষয়ে এনআইএ কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাঁর আলাপ হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তাঁদের বলেছি, তদন্তের কাজে সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা আমরা তাঁদের করব। আমরা বিস্ফোরণ–বিষয়ক তথ্য তাঁদের সঙ্গে বিনিময় করব, কেননা বাংলাদেশ এবং ভারত উভয়ই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিপক্ষে।’
এনআইএর প্রতিনিধিরা বাংলাদেশে কবে নাগাদ আসবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, তাঁরা যেকোনো দিন এ দেশে আসতে পারেন। তাঁদের আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক চিঠি এখনো আমরা পাইনি। তবে শিগগিরই পাব বলে আমরা আশা করছি।’
গত ২ অক্টোবর বর্ধমানের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল আহমেদ ও সোবহান মণ্ডল নামে সন্দেহভাজন দুই জঙ্গি মারা যান। ঘটনাস্থল থেকে হাসান সাহেব নামের আহত এক ব্যক্তিকে আটক করা হয়।