ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বাংলাদেশে সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।

তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, ভারতীয় স্টার টিভি চ্যানেলের পরিবেশক ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। পরে একলাছ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওই বিষয় নিয়ে করা রিট গত ২৬ আগস্ট উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। পরে আবার যুক্তি দিয়ে রিটটি করা হয়।

রিটে বলা হয়, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। কেব্‌ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬-এর ধারা ১৯-এর ৪, ৫, ৯ ও ১০ উপধারাগুলো অনুসরণ না করে চ্যানেলগুলো দেশে সম্প্রচারের কারণে যুবসমাজ ধ্বংসের সম্মুখীন।