ভারতীয় পাঁচ শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ভারতীয় পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। গত শনিবার রাত আটটার দিকে উপজেলার বসুরহাট পৌর এলাকা থেকে পুলিশ স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে শিশুদের উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশু পাচারের ঘটনায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে বাহার উল্লা ও রেহানা বেগম নামে দু্ই পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণপুর থানার আবির চৌধুরী (১২), শাহীন (৯), নাছরিন (৬), তৎকিন চৌধুরী (৩) ও নাহিদ হোসেন (আট মাস)।
পুলিশ জানায়, গত শনিবার রাত আটটার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই পাঁচ শিশুকে রেহানা বেগমের সঙ্গে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা ওই নারীকে শিশুদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তাঁর কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেন। এরপর পুলিশ গিয়ে পাঁচ শিশুসহ ওই নারীকে থানায় নিয়ে আসে। থানায় শিশু আবির চৌধুরীকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে সে বলে ভারত থেকে পাচার করে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এ সময় পুলিশ আবিরের কাছ থেকে তার বাবার মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে পারে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে আবিরের বাবার সঙ্গে তাঁর কথা হয়েছে। এ ছাড়া একই বিষয়ে রাধাকৃষ্ণপুর থানার পুলিশও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের ভারতে হস্তান্তর করা হবে।
ওসি বলেন, শিশু পাচারের ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের গতকাল রোববার আদালতের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।