ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাঁকে জীবিত ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার তিন মাস সামনে রেখে গতকাল সোমবার সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি মোজাহিদ আলী, সোনা মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজ, দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেছে। ইলিয়াস আলীর অপরাধ তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের সর্বস্তরের মানুষের পক্ষে আপসহীনভাবে কথা বলেছেন। সীমান্তে ভারতীয় আগ্রাসন ও মরণফাঁদ টিপাইমুখের বাঁধের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন।প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এদিকে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে আজ বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।