ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য মানবতাবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য মানবতাবিরোধী। টিপাইমুখ বাঁধসহ ওই প্রকল্প বাংলাদেশের জন্য পরিবেশ বিপর্যয়কারী প্রকল্প। ভারতের যেকোনো প্রকল্প আমাদের মানুষ ও পরিবেশকে স্পর্শ করে। আমাদের সরকারের কূটনৈতিক ব্যর্থতা, নতজানু পররাষ্ট্রনীতি ও আপসমূলক নীতির কারণে আমাদের ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে।’গতকাল শুক্রবার ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত নাগরিক সমাবেশে সৈয়দ আবুল মকসুদ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী। নাগরিক সমাবেশে দিবসের ধারণাপত্র পাঠ করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। পরিবেশকর্মী তায়েফ আহমদ চৌধুরীর সঞ্চালনায় নাগরিক সমাবেশে ধারণাপত্রের আলোকে বক্তব্য দেন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ, রাজনীতিবিদ সেকান্দর আলী ও পেশাজীবী সংগঠনের পক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।প্রধান অতিথির বক্তৃতায় আবুল মকসুদ বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী-বন্ধুরাষ্ট্র। বন্ধুর সঙ্গে অধিকার নিয়ে কথা বললে বন্ধুত্ব নষ্ট হয় না। ভারত-বাংলাদেশ উভয় সরকারের ব্যর্থতার কারণে আন্তনদী সংযোগ ও টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে একধরনের তিক্ততার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রাণী ও জীবজন্তু যদি প্রতিবাদের ভাষা জানত, তাহলে সবার আগে তারা প্রতিবাদ করত। প্রাণিকুলের মধ্যে শুধু আমরা মানুষেরাই কথা বলতে পারি, প্রতিবাদ জানাতে পারি। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।’ভারতের একতরফা নীতির কারণে সিলেটের আরেকটি নদীকে গলা টিপে মারার চেষ্টা চলছে জানিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সিলেটের সারী নামের আরেকটি নদীকে গলা টিপে মারার চেষ্টা চলছে। আমাদের দেখা পৃথিবীর একটি সুন্দর নদী হচ্ছে সারী। এত সুন্দর নদী আর কোথাও আছে বলে জানা নেই।’