ভারতীয় ঋণের অর্থে সুন্দরবন ধ্বংস করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা অভিযোগ করেছেন, রামপাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হয়েছে জনগণের মতামত উপেক্ষা করে। তাঁরা বলেন, প্রকল্পটি যৌথ মালিকানার হলেও এর ঋণের সব দায়ভার বাংলাদেশের ওপর চাপানো হয়েছে। আর ওই প্রকল্প দিয়ে সুন্দরবন ধ্বংস করার আয়োজন শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনের কমরেড মণি সিংহ রোডের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এসব কথা বলেন। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে একই সঙ্গে আর্থিক দেনা তৈরি হবে, বেশি দামে বিদ্যুৎ পেতে হবে এবং সুন্দরবন ধ্বংস হবে। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। লিখিত বক্তব্য দেন সদস্যসচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।

সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্প বাতিলের দাবিতে কাল বৃহস্পতিবার খুলনায় উপকূলীয় মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।