ভারতীয় ও এ দেশের গোয়েন্দারা একসঙ্গে কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, ভারতীয় গোয়েন্দা বাহিনী বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে একযোগে কাজ করছে। এ অবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার ব্যাপারে তিনি সংশয় প্রকাশ করেন।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ভারতের পানি কূটনীতি: সংকটে প্রতিবেশী’ শীর্ষক গোলটেবিল সভায় জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। ফ্রি থিংকার্স ফোরাম নামের একটি নাগরিক সংগঠন এই সভার আয়োজন করে।জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশকে পানিসহ সব বিষয়ে ভারতনির্ভর করে রাখা হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে দেশের মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ভারতীয় গোয়েন্দা বাহিনী দেশের গোয়েন্দাদের সঙ্গে একযোগে কাজ করলে সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কীভাবে রক্ষা হবে?’সংসদে যোগদান প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমরা এখনো পদত্যাগ করিনি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনার নিশ্চয়তা পেলে সংসদে যাব।’ আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ৩০ ভাগ মানুষ ভারতের দালাল। তারা ভারতের যেকোনো অপকর্মে সহযোগিতা করে। বাকি ৭০ ভাগ স্বাধীনতার পক্ষে। এ দেশের বেশির ভাগ গণমাধ্যম ভারতের পক্ষে। স্বাধীনতার পক্ষে আছে মাত্র ১০ শতাংশ গণমাধ্যম।সভার প্রধান অতিথি সাবেক সচিব আসাফ-উদ-দৌলাহ বলেন, ফারাক্কা বাঁধের কারণে বছরে বাংলাদেশের ক্ষতি চার বিলিয়ন ডলার। জাতিসংঘসহ বিশ্ব ফোরামে এই ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলতে হবে। ভারতকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। ভারতের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়া বলেন, ১৯৯৬ সালে ভারতের সঙ্গে আওয়ামী লীগের করা চুক্তি অনুযায়ী পানি পায়নি বাংলাদেশ। অনেক নদী মরে গেছে। মানুষকে সজাগ হতে হবে। তা না হলে একসময় সব নদীই মরে যাবে।