ভারতীয় খাসিয়াদের সীমান্ত অতিক্রম গ্রামবাসীর ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ডিবির হাওর এলাকায় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে এসে মাছ ধরেছে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ধাওয়া করার প্রস্তুতি নিলে ভারতীয় নাগরিকেরা ওপারে চলে যায়। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা ডিবির হাওরে মাছ ধরতে নামে। প্রথমে বিডিআর নিষেধ করলেও তারা তা মানেনি। এ অবস্থায় বিডিআর মাইকে তাদের বাংলাদেশ সীমানায় মাছ না ধরার আহ্বান জানায়। একপর্যায়ে তারা হাওরের পাশে কয়েকটি গাছ কাটা শুরু করলে গ্রামবাসী তাদের ধাওয়া করার প্রস্তুতি নেয়। এ অবস্থায় ভারতীয় খাসিয়ারা চলে যায়। ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম প্রথম আলোকে বলেন, দুপুরে বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা ডিবির হাওর এলাকায় মাছ ধরতে আসে। বিডিআরের কড়া প্রতিবাদ ও গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়লে তারা চলে যায়।