ভারতীয় গণমাধ্যমেও তিস্তার বিষয়ে প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বাংলাদেশের মতো সে দেশের গণমাধ্যমেও তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি রয়েছে দক্ষিণ এশিয়ায় চীনের কূটনীতি মোকাবিলা, উপ-আঞ্চলিক সহযোগিতার বাতাবরণ তৈরি এবং বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ও পরামর্শ।

ভারতের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা হচ্ছে প্রায় ২০ বছর ধরে। কিন্তু এবারও চুক্তি হচ্ছে না। কারণ, ২০১১ সালের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি।

প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল পশ্চিমবঙ্গের কর্মকর্তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিস্তায় পানির সংকট আছে। তিস্তা ও মহানন্দা দুটি নদীতেই পানির স্তর নিচে নামছে। ভাবুন তো ভরা গ্রীষ্মে কী হবে?’ অন্যদিকে এই চুক্তি না হওয়ায় শেখ হাসিনা নিজ দেশে বিরূপ সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

এনডিটিভি একই সঙ্গে চীন থেকে বাংলাদেশের দুটি সাবমেরিন কেনা, একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের প্রত্যাশা, প্রায় ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা, ভারতের ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়গুলোও প্রতিবেদনে উল্লেখ করেছে।

দ্য হিন্দুস্তান টাইমস-এর এক নিবন্ধে বলা হয়, ভারত যদি সঠিক পদক্ষেপ নিতে পারে, তাহলে শেখ হাসিনার সফর দুই দেশের সম্পর্ককে নতুন একটি পর্যায়ে উন্নীত করবে। ফ্রি প্রেস জার্নাল নামের একটি সাময়িকীর সম্পাদকীয়তেও একই রকম আশা ব্যক্ত করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস ‘সোনার বাংলা অ্যাগেইন’ শিরোনামে একটি মতামত কলাম প্রকাশ করেছে। তাতে বলা হয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের পুনর্গঠন ও পুনর্বিন্যাস দরকার। মোদি ও হাসিনা বাংলার আঞ্চলিক আন্তসংযোগ (কানেকটিভিটি) পুনরুদ্ধারেও সক্ষম হতে পারেন।

দ্য হিন্দুর মতামত কলামে বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ‘আ নিউ দিল্লি চ্যাপ্টার ফর শেখ হাসিনা’ শীর্ষক ওই কলামে শেখ হাসিনার সফর নিয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা বলা হয়েছে।

দ্য ফার্স্টপোস্ট-এর একটি নিবন্ধে বলা হয়েছে, কূটনীতির শঠ খেলার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের ওপর চীন যে প্রভাব বিস্তার করেছে, তা মোকাবিলা করতে হলে দক্ষিণ এশিয়ায় চীনের নীতির সঙ্গে দিল্লির নীতির সমন্বয় (ম্যাচ) করতে হবে। শেখ হাসিনার ভারত সফর নিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি আশা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে ফার্স্টপোস্ট-এর আরেকটি নিবন্ধে বলা হয়।

আইএএনএস-এর এক নিবন্ধে বলা হয়, উপ-আঞ্চলিক সহযোগিতার জন্য মোদি ও হাসিনার মধ্যে সংলাপের সাফল্য গুরুত্বপূর্ণ।