ভারতীয় গরু আসছে কম চাহিদা মেটানো নিয়ে শঙ্কা
সীমান্তে কড়াকড়ির কারণে যশোর হয়ে ভারতীয় গরু-মহিষ আসা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর ফলে আসন্ন কোরবানির ঈদে গরু ও মহিষের চাহিদা মেটানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
যশোর সীমান্তের গরুর বিট বা খাটালগুলো নিয়ন্ত্রণ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ ব্যাটালিয়ন। তারা বলছে, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকার করিডর দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত থেকে গরু এসেছে ৭০ হাজার ৪১৯টি। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার। চলতি আগস্টে ভারতীয় গরু আসা আরও কমেছে।
বিজিবির কর্মকর্তা ও গরু ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা ও ১৫ আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার অংশ হিসেবে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এ কারণে ভারতীয় পুলিশের ভয়ে দেশটির রাখালেরা সীমান্ত এলাকায় গরু দিয়ে যেতে পারছেন না। এদিকে সীমান্তে বাংলাদেশি গরুর রাখাল দেখলেই গুলি করছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী (বিএসএফ)। এতে উভয় দেশের গরুর রাখাল ও ব্যবসায়ীরাই চাপে রয়েছেন।
জানতে চাইলে বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘ভারতে গরু আনতে গিয়ে বাংলাদেশের রাখালেরা গুলিতে নিহত হচ্ছেন। যে কারণে আমরা তাঁদের ভারতে যেতে দিচ্ছি না। ভারতের রাখালেরা সীমান্তে গরু পৌঁছে দিলেই কেবল আমরা বৈধতা দিচ্ছি।’
প্রসঙ্গত, যশোরের শার্শা উপজেলার পুটখালী, অগ্রভুলোট, গোগা ও রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনা হয়। শার্শার নাভারণ এলাকার শুল্ক কার্যালয়ে গরুপ্রতি ৫১০ টাকা জমা দিলে বৈধতার টোকেন (স্লিপ) দেওয়া হয়।
ভারত থেকে গরু আনেন এমন একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘মাস দু-এক আগে সপ্তাহে অন্তত ২০০টি গরু আনতাম। সেখানে চলতি মাসে একটিও আনাতে পারিনি। এ কারণে স্থানীয় সাতমাইল গরু হাটেও এখন আর আগের মতো গরু নেই। দামও চড়া।’
যশোর অঞ্চলের গরু বেচাকেনার সবচেয়ে বড় মোকাম হচ্ছে এই সাতমাইল। কোরবানির ঈদের আগ মুহূর্তে এ হাটে গরুর আধিক্যের কারণে পা ফেলার জায়গা থাকে না। তবে সম্প্রতি ওই হাটে গিয়ে দেখা যায়, বাজারে গরু নেই বললেই চলে। দেশি খামারের গরুই এখন এ বাজারের ভরসা। তাই এখান থেকে দেশের অন্য জেলায় গরু পাঠানো দূরের কথা, স্থানীয় চাহিদা মেটানোই কঠিন হবে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা।
সাতমাইল হাটের ইজারাদার নাজমুল বিশ্বাস গতকাল রোববার বলেন, গত শনিবারের হাটে এক হাজারের মতো গরু ওঠে। অথচ গত বছরের এ সময়ে প্রতি হাটবারে ১২ থেকে ১৫ হাজারের মতো গরু উঠত। এখানে গরুর মাংস মণপ্রতি ২০ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। গত বছর তা ছিল ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা। এ হাট থেকে ঢাকা, চট্টগ্রাম, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় গরু পাঠানো হয়। ভারতীয় গরু না এলে এবার কোরবানি ঈদে সেই চাহিদা মেটানো কঠিন হবে।
তবে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবতোষ কান্তি সরকার বলছেন, জেলায় পর্যাপ্ত গরুর মজুত রয়েছে। তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদে যশোরে গরুর চাহিদা ২৮ হাজার ৬০০। এর বিপরীতে গরু মজুত রয়েছে ৩৪ হাজার ১৩০। তাই এ জেলায় কোনো সংকট হবে না বলে তিনি আশা করছেন।