ভারতীয় গরুর ছাড়পত্র নিয়ে জটিলতা
ঈদের আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় গরুর ছাড়পত্র নিয়ে কাস্টমস ও বিজিবির মধ্যে দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার ও গত মঙ্গলবার উপজেলার ধলডাঙ্গা, শালঝোড় ও দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে আসা করিডরের কাগজ না থাকায় কয়েক শ ভারতীয় গরু আটক করে বিজিবি। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে শর্ত সাপেক্ষে গরুগুলো ছেড়ে দেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতীয় গরু সীমানা পেরিয়ে আসার পর নির্ধারিত বিটে রেখে সেখানে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করে গরুর ছাড়পত্র দেওয়ার কথা। এ জন্য বিটের লোকজন গরুপ্রতি ২০ টাকা নেবেন। কিন্তু এখানে দিলরুবা সানজিদা ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের বিট কর্তৃপক্ষ প্রতি গরুতে নিচ্ছে ১০০ টাকা। কাস্টমস বিভাগ গরুর সংখ্যা অনুযায়ী ছাড়পত্র দিচ্ছে না।
ভুক্তভোগী ব্যবসায়ী এনছার আলী, শফিয়ার রহমান বলেন, কাস্টমসের লোকজন তাঁদের নির্দিষ্ট লোক ছাড়া গরুর করিডরের কাগজ দেন না। গরু আসে কয়েক শ। স্লিপ দেন এক-দেড় শ। এ সুযোগে বিটের লোকজন টাকা বেশি নিচ্ছেন। বিটে গরু রাখারও কোনো জায়গা নেই। তবে সবকিছুর মূলে রয়েছে কাস্টমস কর্তৃপক্ষের অবহেলা। এতে গরু ব্যবসায়ী হয়রানির স্বীকার হচ্ছেন।
কাস্টমসের স্লিপ না পাওয়ার কারণে গত মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পাগলার হাট মোড়ে কয়েক শ গরু আটক করে বিজিবি। তারা করিডরের কাগজ ছাড়া গরু ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ইউএনও আজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শর্ত সাপেক্ষে গরু বাজারে পাঠান।