ভারতীয় গাড়ি নিয়ে অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রাইভেটকার নিয়ে ত্রিপুরার তিন যুবক গত সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।যুবকেরা আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখা, ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমানা চৌকির একটি করে বাঁশ ভেঙে ফেলেন। থামার নির্দেশ দিলে তাঁরা বিজিবির সদস্যদের আঘাত করে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করে আখাউড়া থানায় সোপর্দ করে বিজিবি।আটক যুবকেরা হলেন অমরজিত বর্মা (২৪), সুশান্ত দেব বর্মা (২৪) ও বিমল দেব বর্মা (২৪)। তাঁরা ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই মোহনপুর থানার বাসিন্দা। তাঁদের মধ্যে সুশান্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অমরজিত প্রকৌশলী ও বিমল বেসরকারি একটি সংগঠনের উন্নয়নকর্মী বলে দাবি করেছেন।এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া থানায় মামলা করেছে বিজিবি।আখাউড়া স্থলবন্দর বিজিবি ফাঁড়ির দায়িত্বে থাকা সুবেদার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গাড়িটি আগরতলা শুল্ক বিভাগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্তের শূন্যরেখায় একটি করে প্রতিবন্ধক বাঁশ ভেঙে দ্রুতগতিতে পার হচ্ছিল। গাড়িটি একই কায়দায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখা, ইমিগ্রেশন ও বিজিবির একটি করে বাঁশ ভেঙে পার হয়।বিজিবির কর্মকর্তা মান্নান বলেন, পরে স্থলবন্দর এলাকায় গাড়ির গতি রোধ করে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। গাড়ি তল্লাশি করে একটি ছুরি ও লোহার লম্বা পাইপ এবং বেশ কিছু ভারতীয় রুপি পাওয়া গেছে।বিজিবি ১২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর একরাম খান প্রথম আলোকে বলেন, ‘আটক যুবকেরা ভারতীয় পাহাড়ি উগ্রপন্থী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা পালানোর জন্য অথবা কোনো নাশকতামূলক কাজ করতে অবৈধভাবে এই পথে বাংলাদেশে ঢোকেন। এ বিষয়ে বিএসএফ বিকেল পর্যন্ত আমাদের কিছু জানায়নি।’যোগাযোগ করা হলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তিন যুবক পুলিশের কাছে দাবি করেছেন, তাঁরা ভুল করে বাংলাদেশে ঢুকেছিলেন। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান ও আঘাতের বিষয়ে একাধিক ধারায় নিয়মিত মামলা করেছে বিজিবি।