ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের নেতারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান।এদিকে গতকাল শুক্রবার ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি প্রেক্ষাগৃহে একযোগে ভারতীয় চলচ্চিত্র জোর মুক্তি দেওয়া হয়েছে।ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মাহাবুব হোসেন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বলেন, দুই দশক ধরে চলচ্চিত্র শিল্পকে স্যাটেলাইট টিভি চ্যানেলের মোকাবিলা করতে হয়েছে। দেশি চলচ্চিত্র হারিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর দর্শক। এখন ভারতীয় চলচ্চিত্র দেশের চলচ্চিত্রকে দাঁড় করিয়েছে উৎখাতের মুখে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।সমাবেশে চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, বিদেশি স্যাটেলাইট চ্যানেল ও অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নসহ মোট নয়টি দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।আরও বক্তব্য দেন চলচ্চিত্র শিল্পী রোকেয়া প্রাচী, চলচ্চিত্রকার মনজুরুল হক, সংগীতশিল্পী অরুপ রাহী, চলচ্চিত্র-কর্মী হাবিবুর রহমান প্রমুখ। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চলচ্চিত্র সংগঠন ছবির লড়াই ও সৃষ্টিগড় মানববন্ধনে সংহতি প্রকাশ করে।