ভারতের অন্ধ্র প্রদেশ থেকে ত্রিপুরায় নেওয়ার জন্য আনা ভারতীয় চাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রথম দফায় পাঁচ হাজার টন খাদ্যশস্য পাঁচটি কার্গো জাহাজে করে নৌবন্দরে নোঙর করে।
আজ বুধবার আশুগঞ্জ নৌবন্দরে জাহাজ থেকে খাদ্যপণ্য ট্রাকের মাধ্যমে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক ব্যবহার করে বিনা শুল্কে এই চাল আগরতলায় যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই চাল খালাস ও পাঠানোর ব্যাপারে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে সরকারের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক নিশ্চয়তা ছাড়াই এ খাদ্যশস্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাবে।
ওই চাল পরিবহনে বাংলাদেশের পরিবহন ব্যবহার করা হবে। সরকার কোনো প্রকার শুল্ক না পেলেও সংশ্লিষ্টরা পণ্য ওঠানামা ও পরিবহন খরচ পাবে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে ১০ হাজার টন খাদ্যপণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সি ওয়েজকে কার্যাদেশ দেওয়া হয়। প্রথম দফায় পাঁচ হাজার টন চাল পরিবহন হচ্ছে।
এ ব্যাপারে গালফ ওরিয়েন্ট সি ওয়েজের লজিস্টিক ব্যবস্থাপক মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে আশুগঞ্জ নৌবন্দর থেকে বাংলাদেশি পরিবহনের মাধ্যমে আজ বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ২০ থেকে ৩০টি ট্রাকে খাদ্যশস্য ত্রিপুরার আগরতলায় পাঠানো হবে। পাঁচ হাজার টন খাদ্যশস্য ত্রিপুরায় পাঠাতে প্রায় ১০ থেকে ১২ দিন লাগবে।
বিআইডব্লিওটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা) শফিকুল হক জানান, প্রতি টন খাদ্যশস্য জাহাজ থেকে আশুগঞ্জ নৌবন্দরে নামানো বাবদ (এলএসসি) ৩৩ টাকা করে পাওয়া যাবে।