একাত্তরের ডিসেম্বরে যুদ্ধনাট্যের কুশীলবেরা সক্রিয় হয়ে ওঠে। রূপ পেতে থাকে ইতিহাসের এক চমকপ্রদ কালখণ্ড। বিজয়ের আগে আগে ঘটে যাওয়া কিছু খণ্ডচিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হলো
১১ ডিসেম্বর টাঙ্গাইলে এক ব্যাটালিয়ন ভারতীয় ছত্রীসেনা অবতরণ করে। তারা দ্রুত সংগঠিতভাবে ঢাকার দিকে এগিয়ে গিয়ে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ত্বরান্বিত করে। এক বৈমানিকের স্মৃতিকথা বইয়ে ভারতীয় বিমান-বাহিনীর প্রধান পি সি লাল সে অভিযানের বর্ণনা দিয়েছেন। বইটির কিছু অংশ:
যুদ্ধের শুরুতে এক ব্যাটালিয়ন, মানে ৮০০ থেকে এক হাজার প্যারাট্রুপার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীনে দেওয়া হয়। ঢাকার কাছে পাকিস্তান সেনা-বাহিনী ছাড়া অন্তরায় ছিল ব্রহ্মপুত্র। এই বাধাটা অতিক্রম করার জন্য ঠিক হলো, প্যারাট্রুপার ব্যবহার করা হবে। ২ নম্বর প্যারা-ব্যাটালিয়নকে ১১ ডিসেম্বর বিকেল চারটার সময় টাঙ্গাইলে নামানো হবে।
কেন ১১ তারিখ? কেন বিকেল চারটা? কেন অন্য কোথাও নয়, কেন টাঙ্গাইলে? আমাদের পরিকল্পনা ছিল, পূর্ব পাকিস্তানকে পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব দিক থেকে আক্রমণ করা হবে একেক কোর নিয়ে। এর মধ্যে উত্তরে কামালপুর, জামালপুর ও ময়মনসিংহের দিকে সৈন্যসংখ্যা কিছু কম ছিল। তাই ঠিক হলো, ওই দিকে প্যারাট্রুপার দেওয়া হবে। মুক্তিবাহিনী খবর দিল, টাঙ্গাইলে সেনা নামালে ওখানকার বাসিন্দারা তাদের সাহায্য করবে।
১১ তারিখ কেন? কারণ, জেনারেল অরোরার অনুমান ছিল যে যুদ্ধ শুরু হলে উত্তর সীমান্ত থেকে ওইখান অবধি পৌঁছাতে এক সপ্তাহ লাগবে। আর বিকেল চারটায় কেন? আমাদের দেশের পূর্বাঞ্চলে শীতের দিনে বিকেল চারটায় সন্ধ্যা নামতে শুরু হয়। সেনারা যখন পৌঁছাবে, তখন একটু আলো থাকবে, সুবিধা হবে। তারপরে রাতের অন্ধকারে গা ঢাকা দেবে।
নভেম্বরের গোড়ায় ঠিক হলো, ৫০টি পরিবহন বিমান একসঙ্গে এ কাজটা করবে—২২টি ডাকোটা, ২০টি প্যাকেট, ছয়টি এএন ১২ এবং দুটি ক্যারিবু। ডাকোটারা জড়ো হলো কলাইকুন্ডায়, প্যাকেটগুলো দমদমে, এএন ১২ গোরখপুরে, আর একটা এএন ১২ স্কোয়াড্রন রাখা হলো বেরিলেতে।
১০ তারিখ দুপুরে এএন ১২-এর ২৫ নম্বর স্কোয়াড্রনকে হুকুম দেওয়া হলো দমদম পৌঁছাতে। তারা আর প্যাকেটরা একসঙ্গে সমবেত হলো। তাদের ম্যাপ, ফটো—সব দিয়ে বুঝিয়ে দেওয়া হলো কী করতে হবে। ১১ তারিখ সকাল সাড়ে নটায় কলাইকুন্ডার বিমানঘাঁটিতে ২২টা ডাকোটা সারি দিয়ে দাঁড়িয়ে গেল রওনা হতে।
৫০টি অ্যারোপ্লেন, চার রকমের। তাদের গতিবেগ বিভিন্ন। সব বিমান রওনা হওয়ার ২০ মিনিট আগে দুটি পথপ্রদর্শক প্যাকেট রওনা হলো। সেনাদের নামার নির্দিষ্ট স্থান ছিল টাঙ্গাইলের মাইল পাঁচেক উত্তর-পূর্বে, জামালপুর-ময়মনসিংহ থেকে আসা রাস্তার ওপর। ৫০ মিনিটে ৫০টি অ্যারোপ্লেন নিজেদের কাজ সুসম্পন্ন করে নিল।
সেদিন জোরে বাতাস বইছিল। প্রথমে পৌঁছাল দুটি ক্যারিবু। তারা নির্দিষ্ট জায়গার একটু দূরে প্রথমে কয়েকটা মানুষের মতো পুতুল ফেলল। তারপর ফেলা হলো সেনাদের। অস্ত্রশস্ত্র নিয়ে একজনের বোঝা প্রায় ২৫ কিলোগ্রাম। মোটের ওপর নামানোর ব্যাপারটা নির্বিঘ্নেই হয়ে গেল, এক-আধটু গন্ডগোল ছাড়া। বেশির ভাগ সেনা ও যুদ্ধের সরঞ্জাম আড়াই বর্গমাইল জায়গার মধ্যে পড়ল।
পরের দিন দুপুরে এরা জামালপুর থেকে আমাদের যে সেনারা ঢাকা অভিমুখে আসছিল, তাদের সঙ্গে মিলিত হলো। পরিকল্পনাটি খুবই গোপন রাখা হয়। ফলে লোকজন বুঝতে পারল না যে কত সেনা নামানো হলো। অনেক সংবাদপত্র, এমনকি বিবিসিও বলল যে এক ব্রিগেড, মানে হাজার আড়াই সেনা নামানো হয়েছে। আসলে নামানো হলো এক ব্যাটালিয়ন।
পি সি লাল