ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে আন্দোলনে চলচ্চিত্রকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রেক্ষাগৃহে অবাধে ভারতের ছবি মুক্তির প্রতিবাদে আন্দোলনে নামছে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সব সংগঠন। ২০ জুলাই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। শুধু তা-ই নয়, প্রয়োজনে তাঁরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলেও জানান। গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পরিচালক সমিতির কার্যালয়ে এ কথা বলেন চলচ্চিত্র সংগঠনের নেতারা।
জানা গেছে, বাংলাদেশে মুক্তি পাবে কলকাতার নতুন ছবি কেলোর কীর্তি। এই ছবির বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। সংগঠনগুলোর মধ্যে আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতির নেতৃবৃন্দ, নৃত্য পরিচালক সমিতি, এডিটরস গিল্ডস অ্যাসেসিয়েশন, মেক্যাপম্যান অ্যাসোসিয়েশন, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) ও ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নায়ক শাকিব খান বললেন, ‘আমরা চলচ্চিত্র আমদানি-রপ্তানির বিপক্ষে, শুরু থেকেই এই কথাটা বলে আসছি। আমরা চাই দুই দেশের মধ্যে যৌথ প্রযোজনার ছবি বেশি করে তৈরি হোক। এর মাধ্যমে দুই দেশের শিল্পীদের সম্পর্কের উন্নয়ন ঘটবে। চলচ্চিত্র-সংশ্লিষ্টরাও ব্যবসায়িকভাবে লাভবান হোক। আর যৌথ প্রযোজনার ছবি যদি ঠিকভাবে বানানো হয়, তাহলে মানুষ দেখবেই, যার প্রমাণ এবারের ঈদে আমরা দেখেছি। গত ১০ বছরে বাংলাদেশের সিনেমা হলের সামনে এমন দৃশ্য দেখা যায়নি, যা এবার ঈদে শিকারির ক্ষেত্রে ঘটেছে। তবে যৌথ প্রযোজনার ক্ষেত্রেও কিন্তু সঠিক নিয়ম মেনেই সবকিছু করতে হবে।’
শাকিব খানের কথার সঙ্গে একমত চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। যৌথ প্রযোজনার বিষয়ে তিনি যোগ করলেন, ‘একসময় যৌথ প্রযোজনার ছবি পরিচালনা করা হতো বাংলাদেশের পরিচালক দিয়ে। এখন এই ছবিগুলো পরিচালনা করছেন কলকাতার পরিচালকেরা। আমাদের দেশের কোনো পরিচালক সেখানে থাকছেন না। আর কলকাতার হয়ে যাঁরা ছবিটি পরিচালনা করছেন, তাঁরা কেউ বাঙালি নন, সবাই মাড়োয়ারি, যাঁদের বাংলা ভাষার প্রতি কোনো ভালোবাসা নেই।’
পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘মাঝে ভারতের হিন্দি ছবি বাংলাদেশে ঢোকার নানা আয়োজন একটা চক্র প্রায় করে ফেলেছিল। আমরা তা ঠেকাতে আন্দোলনে রাস্তায় নেমেছিলাম। এ কারণে আমার ও গুলজারের নামে মামলা হয়েছে। আমরা নিয়মিত হাজিরা দিচ্ছি। এরপরও যে হিন্দি ছবি ঠেকাতে পেরেছি, এটাই আনন্দ। কিন্তু এরই মধ্যে দেখছি সাফটা চুক্তির মাধ্যমে আমদানি-রপ্তানির নাম করে বাংলাদেশে ভারতের ছবি চালানোর ব্যাপারে উঠেপড়ে লেগেছে আরেকটি চক্র। তা হতে দেব না।’
কেলোর কীর্তি ছবিটি বাংলাদেশে আনার প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক বিজয় খেমতাকা। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সব ধরনের নিয়ম মেনেই আমরা ভারতের
ছবি আমদানি করছি। এর বেশি আর কিছু বলতে চাই না।’
এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিত্রনায়ক ওমর সানী, অমিত হাসান, এডিটরস গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির পক্ষে আজিজ রেজা, সিডাবের পক্ষে এস আই ফারুক প্রমুখ।