ভারতীয় ছিটমহলে গণ-অনশন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দিরা-মুজিব চুক্তির বাস্তবায়নসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের গণ-অনশন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকেরা। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এ অনশনে অংশ নেবেন। বোদা উপজেলার জেম জুট মিল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ভারতীয় পুঁটিমারি ছিটমহলে এ কর্মসূচি পালিত হবে বলে ছিটমহলের নেতারা জানিয়েছেন। গারাতি ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান জানান, আজ বিকেল চারটা থেকে অনশন কর্মসূচি শুরু হবে। দুপুরের মধ্যে দেশের অন্যান্য এলাকায় অবস্থিত ভারতীয় ছিটমহলের নেতারা পঞ্চগড়ে চলে আসবেন। মফিদার আরও জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ছিটমহল বিনিময়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে আটকে আছে ছিটমহল বিনিময়ের কার্যক্রম।