ভারতীয় জাহাজ আটকে আছে চরে

১৩ নাবিক নিয়ে এমভি মোহনবাগান-৪ নামের একটি ভারতীয় জাহাজ চাঁদপুরের হাইমচরে মেঘনার ডুবো চরে তিন দিন ধরে আটকে আছে। ওই জাহাজে আছে দুই হাজার এক শ টন স্টিলের কয়েল। জাহাজটি উদ্ধারে কোনো ধরনের তৎপরতা না থাকায় ১৩ জন নাবিক নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জাহাজের মাস্টার আতিউর রহমান বলেন, জাহাজটি ২৩ আগস্ট ভারতের হলদিয়া থেকে টাটা কোম্পানির দুই হাজার এক শ টন স্টিলের কয়েল নিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ২৬ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনার একটি ডুবোচরে জাহাজটি আটকে যায়। বর্তমানে জাহাজে দুজন বাংলাদেশি ও ১১ জন ভারতীয় নাবিক রয়েছেন।
বিষয়টি চাঁদপুর নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো জাহাজটি উদ্ধার করা হয়নি।
হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার হাসানুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ওই দিন থেকেই জাহাজ ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করেছি।’
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক আবদুল্লাহ আল বাকি বলেন, ‘আমরা ওই দিনই ঘটনাস্থলে যাই। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারপরও আমরা নিরাপত্তা দিচ্ছি। উদ্ধারের জন্য নিয়মতান্ত্রিকভাবে খবর এলে আমরা সহযোগিতা করব।’