ভারতীয় জাহাজকে কারণ দর্শাও নোটিশ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়া ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান পার্ল’-এর স্থানীয় এজেন্ট সিগমা শিপিং লাইনসের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কারণ দর্শাও নোটিশ জারি করেছে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এই জাহাজের জ্বালানি তেলে বহির্নোঙরে সমুদ্রদূষণ হয়েছে বলে নোটিশে বলা হয়।পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার অন্য একটি পত্রে পরিবেশদূষণের জন্য এমভি ওশান পার্লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সুপারিশ করেছে। জাহাজটির সমুদ্রদূষণ শনাক্ত করতে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সুপারিশ করা হয় বলে জানা গেছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘কারণ দর্শাও নোটিশের জবাব সন্তোষজনক না হলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করব। আমরা বন্দর কর্তৃপক্ষকে জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’ পরিবেশ অধিদপ্তরের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল গত বুধবার সাগরের বিভিন্ন এলাকা ঘুরে ওই জাহাজের সমুদ্রদূষণের কোনো নমুনা পাননি। কিন্তু পরিবেশ অধিদপ্তর পেয়েছে বলে আমাদের কাছে চিঠি এসেছে। জাহাজটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।’জাহাজটির মালিকের প্রতিনিধি সিগমা শিপিংয়ের মালিক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কারণ দর্শাও নোটিশ পেয়ে জাহাজ থেকে তেল সাগরে পড়ার ব্যাপারে আমি মাস্টারের (জাহাজের ক্যাপ্টেন) কাছে কৈফিয়ত তলব করেছি। এই কৈফিয়তের জবাব পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’পরিবেশ অধিদপ্তরের তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার সাগরে ঘুরে এমভি ওশান পার্লের পেছনের দিকের সমুদ্রে বিক্ষিপ্তভাবে জ্বালানি তেল পড়ে থাকতে দেখে। এর পরই জাহাজটির বিরুদ্ধে সমুদ্রদূষণের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়।