ভারতীয় জ্বালানি তেলের ট্যাংকার ত্রিপুরা পৌঁছাল
জ্বালানি তেলবাহী ১০টি ভারতীয় ট্যাংকার সিলেট ও মৌলভীবাজার হয়ে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে শনিবার মধ্যরাতে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছেছে। ট্রানজিট সুবিধায় আসা ট্যাংকারগুলো রাত ১১টায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্টে পৌঁছে।
ইমিগ্রেশন ও শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টায় ভারতীয় ট্যাংকারগুলো একে একে ত্রিপুরার মনু চেকপোস্ট দিয়ে কৈলাসহর প্রবেশ করে। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী ফুল ও মিষ্টি দিয়ে ট্যাংকারের চালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা সংশ্লিষ্ট ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরণ করে নেন। শনিবার দিবাগত গভীর রাত পর্যন্ত উৎসুক ভারতের উৎসুক লোকজনের উপস্থিতিতে ত্রিপুরার মনু চেকপোস্ট এলাকা সরগরম ছিল।
চাতলাপুর-মনু চেকপোস্টে প্রতিক্রিয়া ব্যক্ত করে ত্রিপুরার মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, এর মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্প্রীতি আরও সুদৃঢ় হলো। এভাবে প্রয়োজনের তাগিদে আলোচনা সাপেক্ষে দুই দেশের যাতায়াতসহ উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করা যাবে। কৈলাসহরের শিল্পপতি মঞ্জু গোপাল দাশ, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল পাল ও সাংবাদিক নেতা মোহিত পাল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সম্পর্ক উন্নয়ন করে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া যাবে। আসামের মহাসড়কের বেহাল অবস্থার জন্য মানবিক কারণে ভারত সরকারের আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি পরিবহনে ট্রানজিট সুবিধা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশিদের তাঁরা ধন্যবাদ জানান।
শনিবার বিকেল সোয়া চারটায় সিলেট সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি চেকপোস্ট হয়ে বাংলাদেশের তামাবিল চেকপোস্টে ট্যাংকারগুলো প্রবেশ করে।