ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের তথ্য চেয়েছেন হাইকোর্ট
বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী মঙ্গলবার পরবর্তী দিন ধার্য রেখে ভারতীয় চ্যানেল সম্প্রচারে অনুমোদন ও কার্যক্রম পরিচালনায় অর্থ জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য জানাতে বলা হয়েছে।
বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে অবকাশকালীন বেঞ্চ ওই তথ্য জানাতে বলেন। চ্যানেল তিনটি হলো স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা।
৭ আগস্ট আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিটটি করেন। রিটে ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়।
আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে আমাতুল করীম প্রথম আলোকে বলেন, টিভি চ্যালেনগুলোর সম্প্রচারে অনুমোদন নেই ও পরিচালনার ক্ষেত্রে অর্থ জমা দেওয়া হচ্ছে না বলে রিট আবেদনকারীর আইনজীবী অভিযোগ করেন। আদালত এসব তথ্য আগামী মঙ্গলবার হলফনামা আকারে দাখিল করতে আবেদনকারীপক্ষকে বলেছেন।
কেবল টিভি নেটওয়ার্কের পক্ষের কৌঁসুলি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারি অনুমোদন আছে কি না ও রাজস্ব দেওয়া হয় কি না, সেসব তথ্য আগামী মঙ্গলবার আমাকে জানাতে বলেছেন আদালত।’
রিট আবেদনে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে। এ ছাড়া সাত দিনের মধ্যে ওই তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে।