ভারতীয় তিন চ্যানেলের সম্প্রচার অব্যাহত থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় তিন টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়নি। এ রায় স্থগিত চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। আবেদনকারীপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
এর ফলে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। তিনি বলেন, চ্যানেল তিনটির সম্প্রচারও অব্যাহত থাকবে।
রিট আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নো অর্ডার দিয়ে আদালত নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর লিভ টু আপিল করা হবে।
ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২৯ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। পরদিন বিষয়টি চেম্বার বিচারপতির আদালতে ওঠে, সেদিন বিবাদীপক্ষ সময়ের আরজি জানালে আদালত বলেন, নট টুডে। এরপর গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে।