ভারতীয় নাগরিককে জিম্মি ছাত্রলীগ নেতাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির জন্য ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তিকে জিম্মি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার ছাত্রলীগের এক নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনকেই গতকাল শনিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের জহুরুল হক হল শাখার উপসম্পাদক গোলাম রুহানি ও তাঁর বন্ধু উত্তরার বাসিন্দা সজল মাহমুদ।পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে ভারতীয় নাগরিক সঞ্জীব সাহা ও তাঁর গাড়ির চালক নাসির উদ্দিনকে উত্তরা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান রুহানিসহ ছয় যুবক। তাঁদের আটক করে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে রুহানির কক্ষে। পরে খবর পেয়ে গভীর রাতে উত্তরা থানার পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় তাঁদের উদ্ধার করে।এ ঘটনায় গাড়িচালক নাসির উদ্দিন উত্তরা থানায় রুহানি, সজলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র মানিকসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।মামলার এজাহারে নাসির উদ্দিন উল্লেখ করেন, শেরপুরের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক তিনি। গত শুক্রবার গাড়ি চালিয়ে শেরপুর থেকে ঢাকার গুলশানে যাচ্ছিলেন। গাড়িতে ছিলেন ভারতীয় নাগরিক সঞ্জীব সাহাসহ ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা। উত্তরা ৮ নম্বর সেক্টরে আসতেই একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এরপর চারটি মোটরসাইকেলে থাকা ছয় যুবক ওই গাড়ির গতিরোধ করে। তারা সঞ্জীবকে টেনে বের করে মারধর করতে থাকে। এ সময় ভয়ে গাড়িতে থাকা দুজন পালিয়ে যায়। যুবকেরা তাঁদের উত্তরা ৫ নম্বর সেক্টরে একটি বাড়ির ছাদে নিয়ে মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। এত টাকা তিনি দিতে না চাইলে তাঁকে ও ভারতীয় নাগরিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে আটক করে আবার টাকা দাবি করা হয়। সূত্র জানায়, এ ঘটনা ভারতীয় নাগরিক ফোন করে হাইকমিশনকে জানান। খবরটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। এরপর পুলিশ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, রুহানি ও মানিক ছাড়া বাকিরা বহিরাগত। এ ঘটনায় রুহানি ও মানিককে সাময়িক বহিষ্কার করা হচ্ছে। ছাত্রলীগের সংশ্লিষ্টতার ব্যাপারে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমি এদের ছাত্রলীগ বলব না। এরা দুষ্কৃতকারী। বিদেশি লোক দেখেছে, তাই বেশি টাকার আশায় তাদের জিম্মি করেছে।’ জহুরুল হক হলের ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, রুহানি জহুরুল হক শাখা ছাত্রলীগের উপসম্পাদক। মানিকও ছাত্রলীগের কর্মী। তাঁদের বিরুদ্ধে এর আগেও জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ ছিল।সূত্র জানায়, অপহূত সঞ্জীব সাহার বাড়ি ভারতের মেঘালয়ে। তিনি শেরপুরের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শেরপুর থেকে ভারতে কলা রপ্তানি করেন।