ভারতীয় নাগরিকসহ ১০ চরমপন্থীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার নওগাঁর রানীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হত্যা মামলায় এক ভারতীয় নাগরিকসহ ১০ জনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।গতকাল দুপুরে ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী আমজাদ মাস্টার হত্যা মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের সবাই চরমপন্থী সংগঠনের সদস্য।মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ জুন রাত আটটার দিকে নওগাঁর রানীনগর স্টেশনে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা আমজাদ হোসেনকে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে রানীনগর থানায় মামলা করেন। মামলায় ২৪ আসামির মধ্যে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় মামলার ১৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে রবিউল ইসলাম ওরফে রবি ওরফে তারেক নামের একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁর বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার হাসনপুর গ্রামে। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, রাসেল ইসলাম, মোনাক্কার হোসেন, তুফান সোনার, আলম সরদার, বাবর আলী, কামরুল ইসলাম ও শাহিন ওরফে ফয়সাল। এঁদের মধ্যে মোস্তাফিজুর, মোনাক্কার ও শাহিন পলাতক।