ভারতীয় নাগরিকের নামে বাংলাদেশে জমি রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় এক নাগরিকের নামে বাংলাদেশ সরকারের জমি রেকর্ড হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান এ রেকর্ড করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রেকর্ডকৃত সাড়ে পাঁচ শতাংশ জমি মহেশপুরের বিশ্বনাথপুর মৌজার পুড়াপাড়া বাজারে অবস্থিত। এখন ওই জমি ব্যবহারের ক্ষমতাপত্র নিয়ে আমিনুর রহমান তা দখলের চেষ্টা করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমিনুর রহমান উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পদ্মপুকুর গ্রামের আবদুল কাদিরের নামে ওই জমি রেকর্ড করিয়েছেন। আবদুল কাদির কৃষক লীগের নেতা আমিনুর রহমানের মামাতো বোনের জামাই। কাদির স্থায়ীভাবে ভারতে বসবাস করেন। ভারতের চব্বিশ পরগনা জেলার ভোটার তালিকায় দেখা গেছে, বাগদা থানার পদ্মপুকুর গ্রামের বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় কাদির সপরিবারে বসবাস করেন। তাঁর বাড়ির নম্বর: এন-০০৪৩, ভোটার নম্বর-ডব্লিউবি/১৩/০৮/০৮৪/৩১২৫২৯।খোঁজ নিয়ে জানা গেছে, ওই জমি রেকর্ডের জন্য আমিনুর রহমান সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ে একটি দলিল জমা দিয়েছেন। এ ছাড়া কাদিরের নামে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদ, জন্মনিবন্ধন কার্ড ও ভোটার পরিচয়পত্র জমা দেন। পরে বিষয়টি জানাজানি হলে ফাইল থেকে পরিচয়পত্রটি সরিয়ে ফেলা হয়। জমা দেওয়া অন্য সব সনদই ভুয়া। সেখানে আবদুল কাদিরের বাড়ি দেখানো হয়েছে মহেশপুরের শ্যামনগর গ্রামে। শ্যামনগর গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, আবদুল কাদির নামে তাঁদের গ্রামে কোনো ব্যক্তি নেই। একই গ্রামের সরোয়ার হোসেন জানান, কাদির বলে তাঁদের গ্রামে কেউ নেই। তবে ওই নামে আমিনুর রহমানের মামাতো বোনের জামাই আছেন, যিনি ভারতের বাসিন্দা। বছর খানেক আগে তিনি তাঁদের গ্রামে বেড়াতে এসেছিলেন।মান্দারবাড়িয়া ইউপির চেয়ারম্যান সফিদুল ইসলাম জানান, ইউপি সদস্য আমিনুর রহমান নিজের প্রয়োজনের কথা বলে দুটি নাগরিকত্ব ও একটি জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। যেগুলো ব্যবহার করে আবদুল কাদিরের নামে জমি রেকর্ড করা হয়েছে। শ্যামনগর গ্রামে কাদির নামে কোনো লোক নেই বলে চেয়ারম্যানও নিশ্চিত করেছেন।ভূমি রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, আমিনুর রহমান ক্ষমতার জোরে ও কর্মকর্তাদের সন্তুষ্ট করে জমি রেকর্ডের ব্যবস্থা করেছেন। ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুর রহমান জানান, ওই জমি কারও নামে রেকর্ড হওয়ার সুযোগ নেই।মহেশপুর উপজেলার ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের আপত্তি কর্মকর্তা কৃষ্ণপদ সানা জানান, তাঁরা কাগজপত্র পেয়ে রেকর্ড দিয়েছেন। সেই ব্যক্তি ভারতীয় নাগরিক কি না, তা দেখার সুযোগ তাঁদের নেই। জনপ্রতিনিধিদের প্রত্যয়নপত্র পেয়ে তাঁরা পদক্ষেপ নিয়েছেন। কৃষক লীগ নেতা আমিনুর রহমান জানান, কাদির তাঁর ভগ্নিপতি। তাঁর বাড়ি বাংলাদেশে। কাজের জন্য এখন ভারতে আছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান ভুল করে সনদ দিয়েছেন, এ কথা ঠিক নয়।’ তিনি দাবি করেন, তাঁর ভগ্নিপতির পক্ষে কাগজপত্র আছে, যে কারণে রেকর্ড পেয়েছেন। এখন দখল চাচ্ছেন।