ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ভারতীয় এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সাউদ হামিদ (৪২)। বাড়ি ভারতের তামিলনাড়ুতে। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জানুয়ারি পুলিশ যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার হাজেরালী এলাকায় তল্লাশিচৌকি বসায়। দুপুরের দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী সাউদ হামিদের ব্যাগের ভেতর থেকে আড়াই কেজি কোকেন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁকে আটক করা হয়। পরে ঝিকরগাছা থানায় মামলা হয়। তদন্ত শেষে সাউদ হামিদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম বলেন, বিচারক রায়ে বলেছেন, এ মামলার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আসামি বিদেশি নাগরিক হওয়ায় সাজা কমিয়ে যাবজ্জীবন করা হলো।