ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গত শনিবার রাতে আজব লাল যাদব (৫৮) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। কীটনাশক পানে তাঁর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে, ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আজব লালের বাড়ি ভারতের বিহার রাজ্যের দিয়োধা মধুবানি থানার পিথুয়াটোল গ্রামে। তিনি ঈশ্বরদীর ঢুলটিতে অবস্থিত রশিদ অয়েল মিলের রিফাইনারি ইনচার্জ হিসেবে কাজ করতেন। তবে গত বছরের অক্টোবরে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহেল হাসান বলেন, শনিবার রাত পৌনে ১১টার দিকে আজব লাল যাদবকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ব্যক্তির মুখ থেকে কীটনাশকের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। অবস্থার অবনতি ঘটায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে আজব লাল মারা যান।