ভারতীয় নেতারা সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম—এ তিনজনই সীমান্তে গুলি ও হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।ভারত সফর শেষে দেশে ফেরার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল রোববার নয়াদিল্লির একটি হোটেলে সাংবাদিকদের এ কথা জানান।সাহারা খাতুন আরও জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের দুই দিনের বৈঠক আগামী ১৪ মার্চ নয়াদিল্লিতে শুরু হবে। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সাহারা খাতুন বলেন, সীমান্তে গুলি ও হত্যাকাণ্ড বন্ধের উপায়ই মহাপরিচালকদের বৈঠকের মূল আলোচ্য হবে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের কয়েকজন বাংলাদেশিকে নির্যাতন, ধরে নেওয়া ও গুলিতে হত্যার প্রেক্ষাপটে দুই সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের আসন্ন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর আলোচনা ও ভারত সফরকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন সাহারা খাতুন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নেতারা আমাকে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের অসুবিধার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাঁরা আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব তিস্তা ইস্যু নিয়ে চলমান সংকট সমাধানের চেষ্টা করবেন।’ তিনি জানান, ভারত বাংলাদেশিদের ভিসা সহজ করার উদ্যোগ নেবে। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনি রিসালদার মুসলেহ উদ্দিন ও ক্যাপ্টেন মাজেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।