ভারতীয় পোশাকের দাপট

ঈদ সামনে রেখে ময়মনসিংহ শহরে জমে উঠেছে পোশাকের কেনাকাটা। এ বছর তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বাজিরাও মাস্তানি, বজরঙ্গি, দিলওয়ালি, সারারা-৩, অক্টোপাস নামের পোশাক। বিক্রেতারা বলছেন, জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র, সিরিয়াল বা কোনো চরিত্রের নামে এসব পোশাকের নামকরণ হয়েছে। যদিও এসব পোশাকের বেশির ভাগই দেশেই তৈরি।
ময়মনসিংহ শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে জানা যায়, দুই বছর আগে ঈদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘স্টার জলসা’ সিরিয়ালের পাখি নামের একটি নারী চরিত্রের পরা পোশাক। সেবার কিশোরী ও তরুণীদের মুখে মুখে ছিল ‘পাখি জামা’। পরের বছর জনপ্রিয়তা পায় ‘কিরণমালা’ পোশাক। এ বছর ‘পাখি’ বা ‘কিরণমালা’ পোশাকের জনপ্রিয়তা নেই। কিশোরী ও তরুণীদের পছন্দের ফ্যাশনে এবার যুক্ত হয়েছে হিন্দি সিনেমার নামে নামকরণ করা বাজিরাও মাস্তানি, বজরঙ্গি, দিলওয়ালি, সারারা-৩ ও অক্টোপাস। এ ছাড়া ছোট মেয়েদের জন্য মুন্নি ড্রেস।
দোকানিরা জানান, ভারতীয় সিনেমার নামে নামকরণ করা ওই সব পোশাক পুরান ঢাকার উর্দু রোড থেকে পাইকারি দামে কেনা হয়। ওই সব পোশাক হিন্দি চলচ্চিত্রের নায়িকাদের পরা পোশাকের মতো দেখতে হলেও তৈরি হয় দেশেই। উর্দু বাজারের পাইকারি ব্যবসায়ীরা ভারত থেকে পোশাকের নমুনা এনে দেশেই তৈরি করেন। কোনো কোনো ব্যবসায়ী রাজধানীর গাউছিয়া মার্কেট থেকেও এসব পোশাক আনেন। তবে সেগুলোর দাম তুলনামূলক বেশি। নকশা ও কাপড়ভেদে একেকটির দাম ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা।
শহরের গাঙ্গিনারপাড় এলাকায় বেশির ভাগ বিপণিবিতান ও বুটিক হাউসের অবস্থান। এখানকার সরকার ম্যানসন মার্কেটের একটি দোকানের মালিক উৎপল ঘোষ বলেন, ‘আমরা ভারতের সিনেমার নাম করে পোশাক বিক্রি করতে চাই না। কিন্তু অনেক ক্রেতা ওই সব নামের পোশাক চায়। তখন ব্যবসার স্বার্থে ওই ফ্যাশনের পোশাক দিতে হয়।’
একই এলাকার বারি প্লাজার একটি দোকানের বিক্রেতা মিঠুন বর্মণ জানান, এবার ঈদে গরমের কথা বিবেচনা করে অনেকেই সুতি, বুটিক ও লিলেনের থ্রি-পিস পছন্দ করছেন। ওই সব পোশাকের বিক্রিও বেশ ভালো। প্রতিটির দাম পড়ছে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। ছেলেদের পছন্দ পাঞ্জাবি। ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় পাঞ্জাবি বিক্রি হচ্ছে।
এ ছাড়া ময়মনসিংহ শহরের স্টেশন রোড এলাকায় রয়েছে কয়েকটি বিপণিবিতান, যেখানে পোশাকের দাম কিছুটা কম। এগুলোতে স্বল্প আয়ের মানুষের ভিড় বেশি। ঈদ সামনে রেখে এসব দোকানে বিক্রি বেড়েছে। শাপলা শপিং সেন্টারের একটি দোকানের মালিক দীন ইসলাম শিকদার বলেন, ২০০ থেকে ১ হাজার টাকায় এখানে শিশু ও তরুণীদের থ্রি-পিস পাওয়া যাচ্ছে।