
মাদারীপুরে জমে উঠেছে ঈদবাজার। শহরের বিপণিবিতানগুলোয় কর্মীদের এখন দম ফেলার ফুরসত নেই। প্রতিটি দোকানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার উপচে পড়া ভিড়। বেশি কেনাবেচা হচ্ছে ভারতীয় বিভিন্ন সিরিয়াল থেকে নামকরণ হওয়া পোশাক।
সরেজমিনে মার্কেটগুলোয় গিয়ে দেখা যায়, ঈদ সামনে রেখে সব শ্রেণির মানুষ ছুটছে বিপণিবিতানগুলোয়। দোকানিরা বাহারি রঙের দেশি-বিদেশি পোশাক টাঙিয়ে রেখেছেন দোকানগুলোয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো।
ক্রেতাদের দাবি, এবারের ঈদবাজারে পোশাকের দাম একটু বেশি। তবে পছন্দের পোশাক মাদারীপুরেই মিলছে। ফলে টাকা বেশি লাগলেও কিনছেন তাঁরা।
পুরান বাজারের রফিক সুপার মার্কেটে আসা এইচ এম রাসেল বলেন, ‘এবারের ঈদে একটু ভিন্ন ধরনের নতুন নামধারী জিনসের প্যান্ট ও জামা কিনলাম। পাঞ্জাবির দাম বেশি, তাই এখনো কিনতে পারিনি। এই মার্কেটে পোশাকের দাম বেশি হলেও সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।’
পুরান বাজারে বিথি শপিং সেন্টারে আসা জারিন তাসলিম বলেন, ‘ঢাকার নামীদামি মার্কেটে যা পাওয়া যায়, আমাদের এখানেও তা-ই পাওয়া যাচ্ছে। কিন্তু বেশি দাম হওয়ায় কিনতে হিমশিম খেতে হচ্ছে। দরদাম করারও সুযোগ দিচ্ছেন না দোকানিরা। এক দামে চলছে সব কেনাবেচা।’
চরমুগুরিয়া এলাকার হাবিব প্লাজায় কেনাকাটা করতে এসেছিলেন আসমা আক্তার। তিনি বললেন, এখন বড়দের কেনাকাটার বাজারে ঘুরছেন। পরিবারের ছোটদের জন্য পিউ, পামেলা নামের পোশাক কিনে ফেলছেন।
বিক্রেতারা বলছেন, কয়েক বছর ধরেই ভারতীয় সিরিয়ালের নামের ও অনুকরণে তৈরি পোশাকের প্রভাব বাজারে বেশি। এবারও সেই প্রভাবটা আরও বেড়েছে। ছেলেরা বেশি কিনছেন কিলার, ট্রাম্প, মুনলাইট নামের জিনস প্যান্ট ও শর্ট-পাঞ্জাবি। মেয়েদের ঝোঁক বেশি পিউ, পামেলা, পাংচুয়া, কিংবা বোঝে না সে বোঝে না নামের পোশাকের দিকে। এসব নাম এসেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলায় প্রচারিত বিভিন্ন সিরিয়াল থেকে।
ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য দিতে পেরে খুশি বিক্রেতারাও। সোহেল রানা নামের এক বিক্রেতাবলেন, চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক তুলেছেন দোকানে। দাম ক্রেতাদের নাগালে থাকায় পছন্দের পোশাক কিনতে পারছেন সবাই। গতবারের তুলনায় এবার বেচাকেনা বেশ ভালো।
মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাবুল চন্দ্র দাস বলেন, সামনের কয়েক দিনে বিপণিবিতানগুলোতে কেনাবেচার চাপ আরও বাড়বে। শহরে দুই শতাধিক কাপড়ের দোকানে প্রতিদিন গড়ে তিন থেকে চার লাখ টাকা বিক্রি হচ্ছে। প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে বিদেশি পোশাকের চাহিদা অনেক বেশি। তাই দেশি পোশাক তুলনামূলক কম বিক্রি হচ্ছে।