প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প
ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানাল রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ
প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য ঢাকায় আসা ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল রোববার রাজশাহী নগরের অলকার মোড় এলাকায় আয়োজিত সমাবেশ থেকে তারা চুক্তি অনুযায়ী গঙ্গার পানির পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সমাবেশে বক্তারা গঙ্গা ব্যারাজের উপকারিতার কথা তুলে ধরে বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।