ভারতীয় বিড়ি বোঝাই গাড়িসহ চালক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়ক থেকে গতকাল বুধবার লক্ষাধিক ভারতীয় বিড়িবোঝাই একটি প্রাইভেট কার জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মতিউর রহমান জানান, বুধবার ভোরে শরীফপুর সীমান্ত এলাকার ভারতের দিক থেকে একটি প্রাইভেট কার (মৌলভীবাজার-গ-১১-০০১৪) বাংলাদেশের দিকে এগিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িটি একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এ সময় পুলিশ গাড়ি থেকে ভারতীয় নাসির উদ্দিন কোম্পানির লক্ষাধিক পাতার বিড়ি উদ্ধার করে। পুলিশ গাড়ির চালক জালাল মিয়াকে (২২) আটক করতে পারলেও গাড়িতে থাকা দুই ব্যবয়ায়ী পালিয়ে যেতে সক্ষম হন। আটক চালকের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। পরে চালকসহ বিড়ি বোঝাই গাড়িটি কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আটক চালককে গ্রেপ্তার দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।